কাটোয়া শহরে প্রকাশ্যে চলছে দখলদারি! রাস্তায় ইট-বস্তা কেন? আসল কারণ জানলে অবাক হবেন!

কাটোয়া শহরে এই মুহূর্তে এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে—প্রকাশ্যে চলছে জায়গা দখল! শহরের বিভিন্ন জায়গায় ইট, বস্তা, খবরের কাগজ অথবা দড়ি দিয়ে চিহ্নিত করে রাখা হচ্ছে রাস্তার ধার। অবাক করার বিষয় হলো, এই ‘দখলদারি’ দেখেও কেউ কিছুই বলছেন না। তবে কেন হঠাৎ এমন হচ্ছে? এর আসল কারণটি জানলে বুঝতে পারবেন, এটি কোনো অবৈধ কাজ নয়, বরং বিশুদ্ধ আবেগ

সামনেই কাটোয়ার বিখ্যাত কার্তিক লড়াই উৎসব। আগামী সোমবার কার্তিক পুজো এবং পরের দিন, মঙ্গলবার অনুষ্ঠিত হবে কার্তিক লড়াইয়ের বর্ণাঢ্য শোভাযাত্রা। লক্ষাধিক মানুষ এই শোভাযাত্রা দেখতে শহরজুড়ে ভিড় করেন। আর এই শোভাযাত্রাটি নির্দিষ্ট জায়গায় বসে ভালোভাবে উপভোগ করার জন্যই স্থানীয় বাসিন্দারা এখন থেকেই নিজেদের পছন্দের স্থান দখল করে রাখছেন।

কাটোয়া শহরের কারবালাতলা মোড়, আতুহাট পাড়া, বারোয়ারিতলা সহ শোভাযাত্রার নির্দিষ্ট রুটের একাধিক জায়গায় এই দৃশ্য চোখে পড়ছে। বন্ধ দোকানের বারান্দা কিংবা বাড়ির সামনের বড় জায়গাগুলি আগে ভাগেই যেন ‘বুকিং’ করে নেওয়া হচ্ছে।

কাটোয়া শহরের বাসিন্দা রঞ্জিত রায় এই প্রসঙ্গে জানান, “এটা কার্তিক পুজো উপলক্ষে জায়গা দখল। দর্শনার্থীরা বসে শোভাযাত্রা দেখার জন্য জায়গা দখল করে, এটা পার্মানেন্ট দখল নয়।”

স্থানীয় বাসিন্দা চন্দ্রনাথ মুখার্জীর কথায়, “প্রশাসন যে দিকে শোভাযাত্রা যাওয়ার রুট ঠিক করে দেয়, সেই রুটের বিভিন্ন জায়গায় মানুষ সুষ্ঠ ভাবে বসে শোভাযাত্রা দেখার জন্যই দিন পাঁচ-ছয় আগে থেকে এভাবে জায়গা দখল করে রাখে।”

সব মিলিয়ে, এই অস্থায়ী জায়গা দখলের ছবিই প্রমাণ করে দিচ্ছে কাটোয়ার মানুষের কাছে কার্তিক লড়াই কতটা আবেগের উৎসব। সারাবছর শহরবাসী অধীর আগ্রহে এই দিনটির জন্যই অপেক্ষা করেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy