লালকেল্লা আতঙ্কের মধ্যেই মুম্বইয়ে বোমাতঙ্ক! CST টার্মিনাসে সন্দেহজনক ব্যাগ ঘিরে হাই অ্যালার্ট, কী পেল পুলিশ?

মুম্বই: দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের আতঙ্কে যখন দেশবাসী ত্রস্ত, ঠিক সেই আবহেই মুম্বইয়ের অন্যতম ব্যস্ত ছত্রপতি শিবাজি বাস টার্মিনাসে (CST) একটি সন্দেহজনক ব্যাগ পড়ে থাকতে দেখে চরম বোমাতঙ্ক ছড়াল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় বোমাতঙ্ক নিরোধক দল (BDDS) ও পুলিশ।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেল ৪.৪৫ মিনিট নাগাদ বাস স্ট্যান্ডে একটি লাল রঙের ব্যাগ মালিকানাহীন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়েই হাই অ্যালার্টের মধ্যে থাকা পুলিশ গুরুত্ব সহকারে ঘটনাস্থলে পৌঁছয়। বোমাতঙ্ক নিরোধক দল ব্যাগটিকে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করে। তবে সৌভাগ্যবশত, ব্যাগটিতে কোনও বিপজ্জনক বা বিস্ফোরক জিনিস পাওয়া যায়নি

দিল্লির রেশে হাই অ্যালার্টে মুম্বই

প্রসঙ্গত, সোমবার সন্ধ্যা ৬.৫২ মিনিটে দিল্লির লালকেল্লার সামনে ভয়ংকর বিস্ফোরণ গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। সরকারি তথ্যে ১০ জনের মৃত্যুর কথা বলা হলেও, মৃতের সংখ্যা এর দ্বিগুণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় ‘হোয়াইট কলার পেশা’র সঙ্গে যুক্ত ৪ জন চিকিৎসকের যোগসূত্র মেলায় ষড়যন্ত্রের মাত্রা আরও গভীর হয়েছে।

দিল্লির ঘটনার পর মুম্বই, কলকাতা সহ দেশের গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল জায়গাগুলিতে পুলিশি তৎপরতা ও নিরাপত্তা বহুগুণ বাড়ানো হয়েছে। মুম্বইয়েও জারি রয়েছে হাই অ্যালার্ট। এই আবহে CST-এর মতো ব্যস্ত জায়গায় মালিকানাহীন ব্যাগ উদ্ধার হওয়ায় তা যথেষ্ট গুরুত্ব সহকারে দেখা হয়েছে।

৩২টি গাড়িতে নাশকতার ছক!

বৃহস্পতিবার সূত্র মারফত জানা যায়, শুধুমাত্র দিল্লি নয়, আগামী ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের প্রতিশোধ হিসেবে দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলিতে নাশকতা ছড়ানোর পরিকল্পনা ছিল দুষ্কৃতীদের। জানা গিয়েছে, এই কাজের জন্য বিস্ফোরক বোঝাই প্রায় ৩২টি গাড়িকে ব্যবহার করার সূত্র পাওয়া যায়। উল্লেখ্য, ২৬/১১-র সন্ত্রাসী হামলার ক্ষত এখনও ভুলতে পারেনি মুম্বই। তাই নাশকতা রুখতে তদন্তকারী সংস্থা ও পুলিশ জোরদার নজরদারি চালাচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy