১৩,৭০০ ফুট উচ্চতায় সামরিক চমক! LAC থেকে মাত্র ৩৫ কিমি দূরে নতুন বিমানঘাঁটি, চিনের বিরুদ্ধে ভারতের পাল্টা জবাব?

লাদাখের চাংথাং নিওমায় ১৩,৭০০ ফুট উচ্চতায় এবার নির্মিত হলো অন্যতম গুরুত্বপূর্ণ সামরিক বিমানঘাঁটি। বুধবার বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল অমরপ্রীত সিংয়ের হাতে এই নিওমা বিমানঘাঁটির উদ্বোধন হলো। ভারত ও চিনের মধ্যে থাকা প্রকৃত নিয়ন্ত্রণ রেখা (LAC) থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটি পূর্ব লাদাখে চিনের বিরুদ্ধে ভারতের প্রতিরক্ষা ক্ষমতা বহুগুণে বাড়িয়ে দেবে বলে মনে করা হচ্ছে।
১৯৬২ সালের চিন-ভারত যুদ্ধের সময় প্রাথমিক অবতরণের জন্য নিওমা এয়ারস্ট্রিপ তৈরি করা হয়েছিল। তবে দীর্ঘকাল সেটি অব্যবহৃত ছিল। বিশেষ করে ২০২০ সালে ভারত-চিন সীমান্তে তৈরি হওয়া অচলাবস্থার পর কেন্দ্রীয় সরকার নিওমাকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিমান ঘাঁটিতে পরিণত করার সিদ্ধান্ত নেয়।
এই নতুন ঘাঁটিতে ২.৭ কিলোমিটার দীর্ঘ একটি পাকা রানওয়ে রয়েছে, যার প্রস্থ ৪৬ মিটার বা ১৫১ ফুট। বর্ডার রোডস অর্গানাইজেশন (BRO)-এর উদ্যোগে এখানে হ্যাঙ্গার, এয়ার ট্র্যাফিক কন্ট্রোল (ATC) এবং আধুনিক আবাসনও তৈরি করা হয়েছে।
ভারতীয় বায়ুসেনা এই ঘাঁটি থেকে সুখোই-৩০ এমকেআই যুদ্ধবিমান পরিচালনার ছাড়পত্র দিয়েছে। ভবিষ্যতে সি-১৭ গ্লোবমাস্টার, আইএল-৭৬ এবং সি-১৩০ সুপার হারকিউলিসের মতো সামরিক পরিবহন বিমানও এখানে নামতে পারবে। লেহ এবং থোয়েস বিমানঘাঁটির পর এটি লাদাখের তৃতীয় বিমানঘাঁটি হলেও এর কৌশলগত গুরুত্ব অপরিসীম। নিওমায় সারা বছর আইএএফের জওয়ানরা মোতায়েন থাকবেন, যা সীমান্ত বরাবর নজরদারি এবং গোয়েন্দা তথ্য সংগ্রহের ক্ষেত্রে বড় সুবিধা দেবে। পাশাপাশি, ড্রোন পাঠিয়ে হামলা চালানোর ক্ষেত্রেও এই ঘাঁটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।