‘এসআইআর আতঙ্ক’! মেয়ের নাম ফর্মে নেই, গভীর চিন্তায় আত্মঘাতী হলেন বৃদ্ধ? জলপাইগুড়ির পর ফের চাঞ্চল্য!

জলপাইগুড়ির পর এবার রাজগঞ্জ। এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবারের দাবি, এসআইআর (SIR) বা কোনো প্রকার এনুমারেশন প্রক্রিয়ার আতঙ্কেই সম্ভবত আত্মঘাতী হয়েছেন ওই বৃদ্ধ। তাঁর মেয়ের নাম এনুমারেশন ফর্মে না আসায় তিনি গভীর দুশ্চিন্তায় ভুগছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার রাতে রাজগঞ্জ ব্লকের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায় নিজের বাড়ির পাশের গাছ থেকে ভুবনচন্দ্র রায় (৬১) নামের ওই ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ভুবনচন্দ্র রায় রাজগঞ্জ বিধানসভার আমবাড়ি কামারভিটা বুথের বাসিন্দা ছিলেন। তাঁর মেয়ে শিবানীর অন্য ব্লকে বিয়ে হলেও, তিনি বাবার বাড়িতে এসেই ভোট দিতেন। ভুবনচন্দ্র, তাঁর স্ত্রী ও ছেলের নামে এনুমারেশন ফর্মে নাম এলেও, মেয়ের নাম ফর্মটিতে ছিল না। এই কারণে গত কয়েকদিন ধরে গভীর চিন্তায় ছিলেন ভুবনবাবু। অবশেষে তিনি আত্মহত্যার পথ বেছে নেন বলে পরিবারের দাবি।
এদিন এসআইআর আবহে ওই ঘটনার খবর পেয়ে শোকাহত পরিবারটির সঙ্গে দেখা করতে যান রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি অরিন্দম বন্দ্যোপাধ্যায়-সহ স্থানীয় নেতৃত্বরা। তাঁরা মৃত বৃদ্ধের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।
বিধায়ক খগেশ্বর রায়ও পরিবারের দাবির সঙ্গে সহমত পোষণ করে বলেন, “এইভাবে মৃত্যুমিছিল বাড়তেই থাকবে। আমরা এর প্রতিবাদ জারি রাখব।” এই ঘটনা গোটা এনুমারেশন প্রক্রিয়ার উপর আরও একবার প্রশ্নচিহ্ন তুলে দিল।