‘যারা কাপুরুষোচিত কাজটি করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি হবে!’ দিল্লি বিস্ফোরণ নিয়ে কঠোর বার্তা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

নয়াদিল্লি: সোমবার সন্ধ্যায় দিল্লির লালকেল্লার কাছে বিস্ফোরণ এবং তাতে বহু হতাহতের ঘটনা নিয়ে কেন্দ্র সরকার চরম কড়া অবস্থান নিয়েছে। ঘটনার পর থেকেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দফায় দফায় বৈঠক করছেন। বৃহস্পতিবার সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, শাহ এই হামলার সাথে জড়িতদের কঠোরতম শাস্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

ভার্চুয়াল ভাষণে অমিত শাহ বলেন, “যারা এই কাপুরুষোচিত কাজটি করেছে এবং এর পিছনে যারা আছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে এবং সম্ভাব্য সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে।”

বিশ্বকে কড়া বার্তা:

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হামলাকারীদের শাস্তি এমন বার্তা দেবে যে, “আমাদের দেশে কেউ কখনও এমন হামলার কথা ভাবতেও সাহস করবে না।” তিনি জানান, ভারত সরকার এবং স্বরাষ্ট্র মন্ত্রক এই বিষয়ে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

কেন্দ্রের ঘোষণা: এটি ‘সন্ত্রাসবাদী কার্যকলাপ’

গত কয়েকদিন ধরে ‘পহেলগাঁওয়ের পর দিল্লি’তে হামলা নিয়ে যে জল্পনা চলছিল, বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সেই জল্পনাতেই সিলমোহর পড়ল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সরকার আনুষ্ঠানিকভাবে এই বিস্ফোরণকে “সন্ত্রাসবাদী কার্যকলাপ” হিসেবে উল্লেখ করেছে। বিস্ফোরণের পর এই প্রথমবার সরকার দেশের সর্বোচ্চ স্তরে ঘটনাটিকে এই নামে চিহ্নিত করল।

মন্ত্রিসভার সিদ্ধান্ত:

শোক প্রকাশ: ১০ নভেম্বর লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণে প্রাণহানির ঘটনায় মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতদের স্মরণে দু’মিনিট নীরবতা পালন করা হয়।

কঠোরতম নিন্দা: মন্ত্রিসভা এই বিস্ফোরণকে ‘দেশবিরোধী শক্তির দ্বারা সংঘটিত একটি কাপুরুষোচিত কাজ’ বলে উল্লেখ করে নিন্দা জানিয়েছে।

শূন্য সহনশীলতা: মন্ত্রিসভা সকল ধরণের সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতার নীতির প্রতি ভারতের অটল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

দ্রুত তদন্ত: মন্ত্রিসভা নির্দেশ দিয়েছে যে এই ঘটনার তদন্ত সর্বোচ্চ জরুরিতা এবং পেশাদারিত্বের সাথে সম্পন্ন করা উচিত, যাতে অপরাধী, তাদের সহযোগী এবং পৃষ্ঠপোষকদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনা যায়।

সরকারের সর্বোচ্চ স্তরে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানানো হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy