গাড়িতে প্লাস্টিকের জলের বোতল রাখলেই বিপদ! রিডার্স ডাইজেস্টের রিপোর্টে সামনে এল ভয়ঙ্কর তথ্য

গরমের সময়ে ডিহাইড্রেশন এড়াতে আমরা গাড়িতে প্লাস্টিকের বোতলে জল রাখি। কিন্তু একটি আপাত নিরীহ জলের বোতল আপনার গাড়ির জন্য কতটা ভয়ংকর হয়ে উঠতে পারে, সে বিষয়ে বিশ্বখ্যাত আমেরিকান সাময়িকী রিডার্স ডাইজেস্ট একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ করেছে।

প্রতিবেদনটি তৈরি করা হয়েছে আইডাহো পাওয়ার স্টেশনের ব্যাটারি টেকনিশিয়ান ডিওনি আমিচেস্তাগুর অভিজ্ঞতার ওপর ভিত্তি করে। দুপুরে গাড়ির বাইরে বসে খাবার খাওয়ার সময় হঠাৎ তিনি খেয়াল করলেন, তাঁর গাড়ির ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার উৎস খুঁজতে গিয়ে তিনি অবাক হলেন— গাড়ির সিটে রাখা প্লাস্টিকের বোতলটি পুড়ে ধোঁয়া বের হচ্ছে! কিন্তু প্লাস্টিকের বোতলে আগুন ধরল কীভাবে?

প্লাস্টিকের বোতল কেন বিপজ্জনক?

অনুসন্ধানে বেরিয়ে আসা তথ্য রীতিমতো অবাক করার মতো। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, প্লাস্টিকের বোতল এমন কিছু উপাদানে তৈরি যা বেশি তাপ পেলে আতশ কাঁচ বা লেন্সের মতো সহজে উত্তপ্ত হয়ে ওঠে।

  • গাড়িটি সূর্যের প্রখর আলোতে রাখার ফলে, গাড়ির জানালা দিয়ে আসা রোদকে কেন্দ্রীভূত করে বোতলটি।
  • ফলে গাড়ির সিটে রাখা বোতলটি উত্তপ্ত হয়ে পুড়তে শুরু করে এবং মারাত্মক দুর্ঘটনার কারণ হতে পারে। ডিওনির ক্ষেত্রে সিটে পোড়া দাগ সৃষ্টি হয়।
  • গরম এবং সূর্যের তাপ যত বেশি হবে, এই ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনাও তত বেশি। এমনকি গাড়ির জানালার কাঁচ নামানো থাকলেও আগুন লাগার ঝুঁকি বাড়ে।

বিশেষজ্ঞদের পরামর্শ:

বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, প্রখর রোদে গাড়িতে জলের বোতল রাখলে তা যেন বসার আসনের নিচে ঢুকিয়ে রাখা হয়। এতে করে বোতল সরাসরি সূর্যের আলোকে কেন্দ্রীভূত করা থেকে রক্ষা পাবে এবং উত্তপ্ত হওয়া রোধ করা যাবে।