বিহারের মসনদে ফের নীতীশ? এক্সিট পোল রিপোর্ট ফাঁস, মহাগঠবন্ধনকে পিছনে ফেলে NDA-র বাজিমাত!

বিহার বিধানসভা নির্বাচন ২০২৫ ঘিরে এখন রাজ্য রাজনীতিতে উত্তেজনার পারদ তুঙ্গে। দুই দফার ভোট শেষ হতেই পরবর্তী সরকার কে গড়বে— এনডিএ নাকি মহাগঠবন্ধন— তা নিয়ে জল্পনা তুঙ্গে। রাজনৈতিক দলগুলির নজর এখন এক্সিট পোলের ফলাফলের দিকে। বাংলাহান্ট ও POLSTRAT-এর যৌথ সমীক্ষা রিপোর্ট অনুযায়ী, ফের ক্ষমতায় ফিরতে চলেছে নীতীশ কুমারের নেতৃত্বাধীন এনডিএ জোট।

বাংলাহান্টের জরিপ অনুযায়ী, ২৪৩ আসনের বিহার বিধানসভায় এনডিএ জোট পেতে পারে ১৩৫ থেকে ১৪২টি আসন। অন্যদিকে, মহাগঠবন্ধনের ঝুলিতে যেতে পারে ৮৮ থেকে ৯৫টি আসন। নির্দল ও ছোট দলগুলির ভাগে জুটতে পারে ০ থেকে ৫টি আসন। POLSTRAT-এর সমীক্ষাও একই ইঙ্গিত দিচ্ছে; তাদের মতে এনডিএ’র আসনসংখ্যা হতে পারে ১৩৩ থেকে ১৪৮, যেখানে মহাগঠবন্ধন পেতে পারে ৮৭ থেকে ১০২টি আসন। এক্সিট পোলের এই সংখ্যাগুলো স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে, সংখ্যাগরিষ্ঠতার দৌড়ে এনডিএ বেশ খানিকটা এগিয়ে রয়েছে।

তবে ভোটের ময়দানে লড়াইটা ছিল রীতিমতো হাড্ডাহাড্ডি। মহাগঠবন্ধন যেখানে প্রতিটি পরিবারে একজনের সরকারি চাকরি, মহিলাদের জন্য মাসে আড়াই হাজার টাকা ভাতা, এবং ২০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ-এর মতো একাধিক আকর্ষণীয় প্রতিশ্রুতি দিয়ে ভোটযুদ্ধে নেমেছিল, সেখানে রাহুল গান্ধী ও তেজস্বী যাদবের যৌথ প্রচার ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

অন্যদিকে, পাল্টা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেয় এনডিএ জোটও। তারা ক্ষমতায় ফিরলে মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে এবং এক কোটি মহিলাকে ‘লাখপতি দিদি’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানায়। এছাড়াও, যুবকদের জন্য চাকরির সুযোগ বৃদ্ধি এবং রাজ্যের পরিকাঠামো উন্নয়নে বিশেষ গুরুত্বের আশ্বাস দেয় এনডিএ।

এই ভোট-পর্বের আবহে রাজনৈতিক কৌশলী প্রশান্ত কিশোরের জনসুরাজ অভিযানের প্রভাবও কিছু কেন্দ্রে দেখা গিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। তবে সামগ্রিকভাবে, অধিকাংশ এক্সিট পোলেই এই ইঙ্গিত স্পষ্ট— বিহারে এবারও বাজিমাত করতে চলেছে এনডিএ। নীতীশ কুমারের উন্নয়ন-ভিত্তিক প্রচার, মোদী সরকারের জনমুখী নীতির প্রভাব এবং বিরোধীদের বিভাজন— এই তিন কারণই এনডিএর জয় প্রায় নিশ্চিত করেছে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল। যদিও মহাগঠবন্ধনের শিবির এখনও আশা ছাড়ছে না। চূড়ান্ত ফল প্রকাশ না হওয়া পর্যন্ত যে কোনও মুহূর্তে চমক আসতে পারে বলেই মত বিশ্লেষকদের। আপাতত এক্সিট পোলের ইঙ্গিত অনুযায়ী, দশমবারের মতো মুখ্যমন্ত্রী হিসেবে বিহারে ফিরে আসতে চলেছেন নীতীশ কুমার। এখন শুধু অপেক্ষা ২০২৫-এর চূড়ান্ত ফল ঘোষণার।