আইসিস যোগে ধরা পড়ল ডাক্তার! রাইসিন বিষ তৈরি করে আরএসএস দফতরে হামলার ছক, চাঞ্চল্য গুজরাটে

গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াড (ATS) এক অত্যন্ত শিক্ষিত চিকিৎসককে গ্রেফতার করেছে, যিনি আইসিস (ISIS)-এর খোরাসান শাখা (ISKP) -এর সঙ্গে যুক্ত হয়ে ভারতে ‘রাইসিন’ নামে এক প্রাণঘাতী বিষ তৈরির প্রস্তুতি নিচ্ছিলেন। ধৃত চিকিৎসকের নাম ডা: আহমেদ মোহিউদ্দিন সাইয়েদ (৩৫), যিনি হায়দরাবাদের বাসিন্দা এবং চিন থেকে এমবিবিএস পাশ করা।
এটিএস সূত্রে খবর, ডা: সাইয়েদ গত ছ’মাসে দিল্লির আজাদপুর মণ্ডি, আমদাবাদের নারোদা ফলের বাজার এবং লখনউয়ের আরএসএস (RSS) দফতরে রেকি চালান। এই ভিড়ভাট্টার জায়গাগুলিকে সম্ভাব্য হামলার লক্ষ্য হিসেবে বেছে নেওয়া হয়েছিল। তদন্তকারীরা জানিয়েছেন, সাইয়েদ ক্যাস্টর অয়েল থেকে রাইসিন নিষ্কাশনের প্রাথমিক গবেষণা চালাচ্ছিলেন। এই প্রোটিনজাত রাসায়নিক অল্প পরিমাণেও প্রাণঘাতী।
এটিএস-এর দাবি, সাইয়েদ বড়সড় জঙ্গি হামলার পরিকল্পনা করছিলেন এবং সেই উদ্দেশ্যে যন্ত্রপাতি, কাঁচামাল ও গবেষণার উপকরণ সংগ্রহ করেছিলেন। তিনি আইসিসের সদস্য আবু খাদিমের সঙ্গে যোগাযোগ রেখে অর্থ জোগাড় ও নতুন সদস্য নিয়োগের দায়িত্বও নিয়েছিলেন।
গত ৭ নভেম্বর গান্ধী নগরের আদালাজ এলাকা থেকে সাইয়েদকে গ্রেফতার করে এটিএস। তাঁর কাছ থেকে দু’টি গ্লক পিস্তল, একটি বেরেটা পিস্তল, ৩০ রাউন্ড গুলি এবং ৪ লিটার ক্যাস্টর অয়েল উদ্ধার হয়। এই সঙ্গে উত্তরপ্রদেশ থেকে আরও দু’জন আইসিস জঙ্গি— আজাদ সুলেমান শেখ ও মহম্মদ সুহেল মহম্মদ সলিমকে গ্রেফতার করা হয়েছে। এদের তিনজন মিলে ভারতের বিভিন্ন রাজ্যে সক্রিয় এক ‘স্লিপার সেল’-এর অংশ ছিল বলে অনুমান করা হচ্ছে।
গুজরাট এটিএস-এর ডিআইজি সুনীল জোশী জানান, ডা: সাইয়েদ অত্যন্ত শিক্ষিত হলেও বিপজ্জনকভাবে মৌলবাদী চিন্তাধারায় প্রভাবিত।