ভারতের বিশ্বকাপ জয়ের রেশ কাটতে না কাটতেই, ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা ICC মহিলাদের আইসিসি মহিলা বিশ্বকাপ (ICC Women’s World Cup) নিয়ে এক যুগান্তকারী ঘোষণা করল। ২০২৯ সাল থেকে এই টুর্নামেন্টে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে।
ICC বোর্ডের তরফে শুক্রবার, ৭ নভেম্বর জানানো হয় যে, পরবর্তী বিশ্বকাপ থেকে আর আটটি দল নয়, বরং দশটি দল বিশ্বসেরা হওয়ার জন্য লড়াই করবে। এই সিদ্ধান্ত বিশ্বব্যাপী মহিলাদের ক্রিকেটের উন্নয়নের প্রচেষ্টাকে আরও একবার প্রতিফলিত করল।
ICC আরও জানিয়েছে যে, সদ্য সমাপ্ত বিশ্বকাপে প্রায় তিন লক্ষ সমর্থক মাঠে উপস্থিত থেকে খেলা দেখেছেন, যা দর্শকসংখ্যার নিরিখে একটি সর্বকালের রেকর্ড সৃষ্টি করেছে।
এই দশ দলের অন্তর্ভুক্তির ফলে মহিলাদের ক্রিকেটের পরিচিতি আরও বাড়বে এবং নতুন দলগুলির শিরোপা জয়ের সুযোগ তৈরি হবে, যা টুর্নামেন্টে প্রতিযোগিতা এবং উত্তেজনা বহুগুণ বাড়িয়ে দেবে।