‘মুখ্যমন্ত্রী নাকি গুন্ডা?’ বিএলও হামলায় তোপ দাগলেন সুকান্ত, বাংলায় কেন মৃত্যু? কমিশনকে কাঠগড়ায় তুলে বিস্ফোরক!

রাজ্যজুড়ে গত ২৮ অক্টোবর থেকে শুরু হওয়া ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়াকে কেন্দ্র করে ফের রাজনৈতিক পারদ চড়ল। বুথ লেভেল অফিসারদের (বিএলও) উপর হামলার বিক্ষিপ্ত ঘটনার জেরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন।
বৃহস্পতিবার বিশ্বভারতীতে ‘বাণিজ্য-শিক্ষা সম্মেলন ২০২৫’-এ যোগ দিতে এসে সুকান্ত মজুমদার বোলপুরে এক সংবাদ সম্মেলনে বিস্ফোরক মন্তব্য করেন। তিনি অভিযোগ করেন, “স্বয়ং মুখ্যমন্ত্রী বিএলওদের ভয় দেখাচ্ছেন। উনি মুখ্যমন্ত্রী, নাকি গুন্ডা, বুঝতে পারি না।” তাঁর অভিযোগ, তৃণমূলের দলীয় দপ্তর থেকেও ভোটার সংশোধনের ফর্ম বিলি করা হচ্ছে।
এসআইআর আবহে বাংলায় তৃণমূল-কংগ্রেসের দাবি, আতঙ্কের জেরে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যু হয়েছে। এই প্রসঙ্গে সুকান্ত প্রশ্ন তোলেন, “এসআইআর তো বিজেপি করাচ্ছে না, নির্বাচন কমিশন করাচ্ছে। ৯টি রাজ্য ও তিনটি কেন্দ্রশাসিত অঞ্চলে SIR হচ্ছে, কোথাও কেউ মারা যাচ্ছেন না। তাহলে বাংলায় মৃত্যু হচ্ছে কেন?” তাঁর মতে, তৃণমূল বিএলওদের ভয় দেখাচ্ছে এবং রাতে জোর করে পার্টি অফিসে ডেকে ফর্ম বিলি করছে।
কোচবিহারে BLA এজেন্টকে হেনস্থা: সুকান্ত যখন বিএলওদের উপর হামলা নিয়ে মন্তব্য করছেন, ঠিক তখনই কোচবিহারের মাথাভাঙায় এনুমারেশন ফর্ম বিলির সময় এক নজিরবিহীন ঘটনা ঘটে। অভিযোগ, মাথাভাঙা ১ ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ২৩৯ নম্বর বুথে বিজেপির বুথ স্তরের এজেন্ট (BLA-2) নিবাশ দাসকে মারধর করে গলায় জুতোর মালা পরিয়ে এলাকায় ঘোরানো হয়। এই ঘটনার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে।
নদিয়া জেলায় তাঁর কনভয়ে হামলার প্রসঙ্গে সুকান্ত হুঁশিয়ারি দিয়ে বলেন, “এটা তো হতেই থাকে। তবে টেলার দেখিয়েছি কিছুটা। এরপর দেখুন কী হয়। বিজেপির কারও ওপর হামলা হলে আমরা ছেড়ে কথা বলব না। প্রতি রক্তবিন্দুর হিসেব হবে।”
রাহুল গান্ধীকে ‘এসি বয়’ বলে কটাক্ষ: পাশাপাশি, হরিয়ানার ভোটে ব্রাজিলীয় মডেলের ছবি ব্যবহারের প্রসঙ্গ তুলে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে ‘এসি বয়’ বলে কটাক্ষ করেন। সুকান্ত বলেন, “সরকারি কর্মচারীরাই ভোটার তালিকা তৈরির কাজ করেন। এর আগেও ওসামা বিন লাদেনের ছবি পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে ছিল। রাহুল গান্ধীর বাস্তব পরিস্থিতি সম্পর্কে কোনও ধারণা নেই, উনি তো বাড়ি থেকেই বের হননি।”