ক্রেডিট কার্ডের বিল মেটানো নিয়ে আর ভয় নয়! Late Fee-এর নিয়মে বড় বদল আনল RBI, কী হবে গ্রাহকের লাভ?

ক্রেডিট কার্ড—একটি আশীর্বাদ নাকি অভিশাপ, এই বিতর্ক নতুন নয়। বিশেষত মধ্যবিত্তের কাছে এটি একটি উদ্বেগের বিষয়, কারণ বিল জমা দিতে একদিন দেরি হলেই গুনতে হয় মোটা অঙ্কের লেট ফি এবং হুড়মুড়িয়ে কমে যায় ক্রেডিট স্কোর। তবে এবার ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের সেই দীর্ঘদিনের সমস্যা সমাধানের পথে হাঁটছে ভারতের রিজার্ভ ব্যাঙ্ক (RBI)। লেট ফি (Late Fee) সংক্রান্ত নিয়মে বড়সড় পরিবর্তন এনে নতুন নির্দেশিকা জারি করেছে দেশের শীর্ষ ব্যাঙ্ক।
নতুন নির্দেশিকা অনুযায়ী, ব্যাঙ্ক অবশ্যই লেট ফি ধার্য করতে পারবে, তবে সেই ফি হবে সীমিত, স্বচ্ছ এবং নিয়মনীতি মেনে।
কী বলছে RBI-এর নতুন নিয়ম?
৩ দিনের গ্রেস পিরিয়ড: বিলের নির্ধারিত তারিখের পর গ্রাহকরা অতিরিক্ত তিন দিনের গ্রেস পিরিয়ড পাবেন। এই সময়সীমার মধ্যে বিল পরিশোধ করলে কোনও অতিরিক্ত লেট ফি দিতে হবে না।
বকেয়ার ওপর ফি: লেট ফি ধার্য করা হবে শুধুমাত্র বকেয়া টাকার পরিমাণের ওপর, মোট বিলের ওপর নয়। এর ফলে গ্রাহকদের অপ্রয়োজনীয় জরিমানা থেকে মুক্তি মিলবে।
নোটিস বাধ্যতামূলক: নিয়মে কোনও বদল এলে ব্যাঙ্কগুলোকে গ্রাহকদের অন্তত ১ মাস আগে থেকে নোটিস দিয়ে জানাতে হবে।
নিরাপত্তা বৃদ্ধি: অনলাইন লেনদেনের নিরাপত্তা বাড়াতে এখন থেকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন (Two Factor Authentication) বাধ্যতামূলক করা হয়েছে।
রিজার্ভ ব্যাঙ্কের এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো ক্রেডিট কার্ড গ্রাহকদের অপ্রয়োজনীয় জরিমানা থেকে মুক্তি দেওয়া এবং এই পরিষেবাটিকে আরও গ্রাহক-বান্ধব করে তোলা। একইসঙ্গে এই নিয়ম ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের মধ্যে সময়মতো পেমেন্টের অভ্যাস গড়ে তুলতেও সাহায্য করবে।