“কলকাতা আমার ইমোশন, অজুহাত খুঁজি শুধু আসার!”, KIFF-এর মঞ্চে আবেগপ্রবণ সুজয় ঘোষ, ঘোষণা করলেন ‘কাহানি 3’

প্রতি বছরের মতো এ বছরও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনী মঞ্চে বসেছিল চাঁদের হাট। মঞ্চ আলোকিত করেন কিংবদন্তি পরিচালক সুজয় ঘোষ। চলচ্চিত্র উৎসব নিয়ে তাঁর আবেগের কথা জানতে চাইলে সুজয় ঘোষ বলেন, “কলকাতা আমার ইমোশন। এই কলকাতার প্রত্যেকটা রাস্তা আমার বাড়ি। আমার ভালো লাগে কলকাতা আসতে। সুযোগ পেলেই চলে আসি। আমি অজুহাত খুঁজি শুধু কলকাতা আসার। আমার বউ প্রচণ্ড খচে যায়, টুকটাক করে আমি পালিয়ে যাই। এবার আছি দু-একদিন।”

মুম্বই নিবাসী হলেও বাংলার এই কৃতি সন্তানের মন ও প্রাণ জুড়ে বসে আছে কলকাতা, যা তাঁর কথা থেকেই স্পষ্ট। তিনি বলেন, “কলকাতা এসে আমার সবটাই খুব ম্যাজিকাল লাগছে। কলকাতার সিনেমা শুধু আমাদের কাছে বিনোদন নয়, এটা আমাদের কাছে পরিচয়। আমি যখন কলকাতায় বড় হয়েছি, এখানকার মানুষদের মধ্যে ‘সি’ ফর ‘সিনেমা’ রাজ করত।”

এদিন মঞ্চে দাঁড়িয়ে সুজয় ঘোষ বলেন, “সিনেমা আমাদের পরিচয়। সিনেমা মিশে আছে আমাদের রক্তে।” KIFF-এ ৭ নভেম্বর প্রিয়া সিনেমা হলে সন্ধে ৬টায় সত্যজিৎ রায় পরিচালিত কালজয়ী ছবি ‘অরণ্যের দিনরাত্রি’ দেখানো হবে। ছবিটি তিনি দেখবেন কি না, এই প্রশ্নে উচ্ছ্বাসের সঙ্গে সম্মতি জানান সুজয় ঘোষ। তিনি আরও বলেন, “আমি কলকাতা ভালোবাসি বলেই আমার সব ছবির কোনও না কোনও দৃশ্যের শুটিং কলকাতাতেই হয়।”

‘কাহানি 3’-এর ঘোষণা ও প্রসেনজিতকে প্রণাম
KIFF-এর উদ্বোধনী মঞ্চে সুজয় ঘোষ আরও এক বড় ঘোষণা করেন। তিনি জানান, ‘কাহানি’ এবং ‘কাহানি 2’-এর সাফল্যের পর এবার তিনি ‘কাহানি 3’-এর পথে পা বাড়াতে চলেছেন। তবে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ তিনি। পরমব্রত চট্টোপাধ্যায় মঞ্চে তাঁকে এই বিষয়ে জিজ্ঞেস করলে তিনি ঘাড় নেড়ে সম্মতি জানান, কিন্তু বিস্তারিত জানতে চাইলে বলেন, “এই ব্যাপারে পরমকে জিজ্ঞেস করুন।”

এদিন মঞ্চে সুজয় ঘোষ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে পায়ে হাত দিয়ে প্রণাম করে শ্রদ্ধা জানান। আবেগাপ্লুত পরিচালক বলেন, একটা সময়ে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (বুম্বা’দা) তাঁকে দেদার সাহায্য করেছিলেন। সুজয় ঘোষ বলেন, “আমার জীবনের সবথেকে বড় লিভিং উইটনেস হচ্ছে বুম্বা’দা।”