উধাও শীতের আমেজ, ফের ভ্যাপসা গরমের অস্বস্তি! নভেম্বরেই কি মুখ ফেরাল ঠান্ডা?

রাজ্যে হঠাৎই ভ্যাপসা গরমের অনুভূতি ফিরে আসায় প্রশ্ন উঠছে, তবে কি এবার দেরিতে আসবে শীত? আকাশ মেঘলা থাকায় ঠান্ডার উঁকিঝুঁকিতে লাগাম পড়তেই এই সংশয়। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Meteorological Department) অবশ্য সাফ জানিয়েছে, এই মুহূর্তে বাংলায় শীতের আগমন নিয়ে নিশ্চিতভাবে কিছু বলার সময় আসেনি। তবে স্বস্তির খবর, আপাতত ঝড়বৃষ্টি, নিম্নচাপ বা ঘূর্ণাবর্তের কোনও প্রভাব রাজ্যে পড়বে না।

আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু’দিন তাপমাত্রার তেমন কোনও হেরফের হবে না। একই রকম শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। এরপর অবশ্য তাপমাত্রা কিছুটা কমতে পারে বলে ইঙ্গিত মিলেছে।

আজকের আবহাওয়া (শুক্রবার) কেমন থাকবে?
আজ দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে বলে পূর্বাভাস।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। সব জেলার আবহাওয়াই থাকবে খটখটে। তবে আশার কথা, দক্ষিণের জেলাগুলিতে বুধবারের পরের তিনদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

কলকাতার আকাশও আপাতত পরিষ্কার থাকবে। এখনই জাঁকিয়ে শীতের কোনও ছোঁয়া নেই, তবে হালকা ঠান্ডা হাওয়া বইতে পারে। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গেও আপাতত ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই, সেখানেও শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। উত্তরবঙ্গে আগামী দু’দিন তাপমাত্রা প্রায় একই থাকবে। তবে এরপরের তিনদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। অর্থাৎ, পাকাপাকিভাবে শীত না এলেও, সাময়িক বিরতি নিয়ে ঠান্ডা ফের জানান দেবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। বৃহস্পতিবার বিকেলে যে অস্বস্তিকর গরমের অনুভূতি ছিল, তা কার্তিক মাসের প্রত্যাশিত অনুভূতি নয় বলেই মনে করছে আলিপুর। নিম্নচাপের প্রভাবে ঠান্ডা ভাব আগামী কয়েকদিনে কমই থাকবে।

বিগত দিনের রেকর্ড
বৃহস্পতিবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ০.৩ ডিগ্রি কম। বাতাসে সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৩ শতাংশ।