তুচ্ছ বচসা পৌঁছল রক্তারক্তি কাণ্ডে! পূর্ব বর্ধমানের রায়নায় ব্যবসায়ীর মৃত্যু, এলাকায় চরম চাঞ্চল্য

পূর্ব বর্ধমানের রায়না থানার খালেরপুর বাজারে একটি নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চা খাওয়ার টাকা চাওয়ায় এক চায়ের দোকানিকে বাঁশ দিয়ে আঘাত করে খুন করা হয়েছে। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মৃতের নাম ফরিদ আলি সেখ (৫০), বাড়ি রায়না থানার মাছখান্ডা গ্রামে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বেলসরের বাসিন্দা রাজা মোল্লা চা খেতে ফরিদ আলির দোকানে আসে। চায়ের দাম চাওয়াকে কেন্দ্র করে দোকানদার ফরিদ আলি সেখের সঙ্গে রাজা মোল্লার সামান্য বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় রাজা মোল্লা দোকানের পাশে থাকা বাঁশ নিয়ে ফরিদ আলির মাথায় সজোরে আঘাত করে। গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে কেমরি হাসপাতাল হয়ে নবাবহাটের এক বেসরকারি নার্সিংহোমে স্থানান্তরিত করা হলে, বুধবার চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
ঘটনার পর মৃতের পরিবারের পক্ষ থেকে রায়না থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত অভিযুক্ত রাজা মোল্লাকে গ্রেফতার করেছে। এলাকায় এই নৃশংস ঘটনায় চরম চাঞ্চল্য বিরাজ করছে।
পশ্চিম মেদিনীপুর: অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার সুজানগর গ্রামে আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে টাকা-পয়সা নিয়ে মায়ের সঙ্গে অশান্তি চলছিল ছেলের। সেই বিবাদ চরম আকার ধারণ করলে, ছেলে আকাশ মাঝি (Subho Chakraborty) রাগ সামলাতে না পেরে কাটারি দিয়ে কুপিয়ে নিজের মা মিঠু মাঝিকে খুন করেছে বলে অভিযোগ।
স্থানীয়রা জানিয়েছেন, বাবা অশোক মাঝির একটি আলু ও পেঁয়াজের দোকান ছিল। বাবার মৃত্যুর পর মা ও ছেলে একসঙ্গেই দোকানে বসে ব্যবসা করতেন, কিন্তু তাঁদের মধ্যে প্রায়শই ঝামেলা লেগেই থাকত। তারই জেরে গতকাল বিকেলে চারটা নাগাদ মা মিঠু মাঝিকে খুন করে ছেলে আকাশ মাঝি।
দাসপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘরের আলো নিভিয়ে বাড়ির মধ্যেই বসে থাকা ছেলে আকাশ মাঝিকে গ্রেফতার করে। আকাশ মাঝিকে ব্যবহৃত কাটারিও উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত নিজেই পুলিশের কাছে অকপটে দোষ স্বীকার করেছে। এমন নৃশংস কাণ্ড দেখে হতবাক সুজানগর গ্রামের সকলেই।