রাজনীতি ‘উপরি পাওনা’, টিকিট না পেলে কী করবেন কাঞ্চন? বিধায়কের সোজাসাপটা জবাবে তোলপাড়

২০২১ থেকে ২০২৫—এই চার বছরে অভিনেতা-রাজনীতিক কাঞ্চন মল্লিককে নিয়ে বিতর্কের যেন শেষ নেই। কখনও ব্যক্তিগত সম্পর্ক, কখনও রাজনৈতিক আচরণ, কখনও আবার চিকিৎসক নিগ্রহের অভিযোগ—সব মিলিয়ে তিনি প্রায়শই খবরের শিরোনামে। তবে এবার টলিপাড়ার এই জনপ্রিয় বিধায়ক মুখ খুললেন তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে। পরবর্তী বিধানসভা নির্বাচনে তৃণমূলের টিকিট পাবেন কি না, সেই প্রশ্ন এখন রাজ্য রাজনীতিতে ঘোরাফেরা করছে।
উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চন মল্লিক সম্প্রতি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তাঁর অবস্থান স্পষ্ট করেছেন। যখন তাঁকে প্রশ্ন করা হয়, “আগামী নির্বাচনে যদি দল টিকিট না দেয়?” কাঞ্চন সোজাসাপটা জবাব দেন: “২০২১-এ টিকিট পাওয়ার জন্য আমি কোথাও দৌড়ইনি। এটা আমার উপরি পাওনা। এর জন্য আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাতে চাই। সবই তাঁর ইচ্ছে।”
তিনি আরও যোগ করেন, “আগেও কোনও আশা ছিল না, এখনও নেই। টিকিট না পেলে অভিনয় করব। আগেও করতাম, এখনও করছি।” কাঞ্চনের এই মন্তব্যে স্পষ্ট যে, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে তিনি খুব একটা আশাবাদী নন, এবং অভিনয়ই তাঁর প্রধান পরিচয়।
প্রসঙ্গত, ২০২১ সালে তৃণমূলের টিকিটে বিধায়ক হওয়ার পর থেকেই কাঞ্চন বিতর্কের কেন্দ্রে। গত বছর সন্তানের জন্মের পর স্ত্রীর ৬ লক্ষ টাকার মেডিক্যাল বিল বিধানসভায় জমা দেওয়া নিয়ে তুমুল সমালোচনা হয়। আরজি কাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের উদ্দেশ্যে তাঁর মন্তব্য, “সরকারি বেতনটা নিচ্ছেন তো? পুজোর বোনাস নেবেন তো?”—তা নিয়েও কম জলঘোলা হয়নি। কিছুদিন আগে এক চিকিৎসক নিগ্রহের অভিযোগেও নাম জড়িয়েছিল তাঁর।
অন্যদিকে, গত লোকসভা ভোটের সময় শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সভায় ‘অপমানিত’ হওয়ার গুঞ্জনও শোনা যায় তৃণমূলের অন্দরে। মঞ্চের সামনে গাড়ি থেকে তাঁকে নাকি নামিয়ে দেওয়া হয়েছিল। এসব বিতর্কের মাঝে কাঞ্চন মল্লিকের এমন ‘অকপট’ মন্তব্য তাঁর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নতুন জল্পনা তৈরি করেছে। টলিউডের এই তারকা এখন রাজনীতি না অভিনয়, কোন পথে হাঁটবেন, সেদিকেই তাকিয়ে রাজ্যবাসী।