‘মোদি-নীতীশ কুমারের নেতৃত্বে বিহার নতুন উচ্চতায় পৌঁছবে’! এনডিএ-তে যোগ দিয়ে কী বার্তা দিলেন সঞ্জয় সিং?

বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট শুরুর ঠিক আগের দিন বড়সড় ধাক্কা খেল ভোটকুশলী প্রশান্ত কিশোরের (পিকে) দল জন সুরজ পার্টি। মুঙ্গের কেন্দ্রের প্রার্থী সঞ্জয় সিং নির্বাচনের ঠিক আগে পিকে-র দল ছেড়ে বিজেপি-তে যোগ দিলেন। এই ঘটনা বিহারের নির্বাচনী সমীকরণে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে।
বিজেপি-তে যোগদান ও এনডিএ-র প্রতি সমর্থন
সংবাদসংস্থা আইএএনএস-এর খবর অনুযায়ী, সঞ্জয় সিং মুঙ্গেরের বিজেপি প্রার্থী কুমার প্রণয়ের উপস্থিতিতে গেরুয়া শিবিরে যোগ দেন এবং এনডিএ জোটের প্রতি নিজের পূর্ণ সমর্থনের কথা জানিয়ে দেন।
সঞ্জয় সিংয়ের মন্তব্য:
“প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নেতৃত্বে বিহার নতুন উচ্চতায় পৌঁছবে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে আমি এনডিএ-এর জয় নিশ্চিত করার জন্যই লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। আমি নিশ্চিত যে এনডিএ বিপুল ব্যবধানে জয়ী হবে।”
মুঙ্গেরে মুখোমুখি লড়াই
মুঙ্গের কেন্দ্রে জন সুরজ পার্টির প্রার্থী সঞ্জয় সিংয়ের দলবদলের ফলে, এখন এই কেন্দ্রে এনডিএ এবং আরজেডি-কংগ্রেসের মহাজোটের মধ্যে মুখোমুখি লড়াইয়ের পরিস্থিতি তৈরি হলো।
সঞ্জয় সিংয়ের এই দলবদল বিহারে জন সুরজ পার্টির জন্য আরও একটি বড় ধাক্কা। এর আগেও অক্টোবর মাসে দানাপুর, ব্রহ্মপুর এবং গোপালগঞ্জে পিকে-র দলের তিন প্রার্থী নির্বাচনি লড়াই থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন।