সিনেমা হল কি ‘তাজ হোটেল’? টিকিটের পর এবার খাবার-পানীয়ের দাম নিয়ে মাল্টিপ্লেক্সগুলিকে চরম ভর্ৎসনা শীর্ষ আদালতের

মাল্টিপ্লেক্সগুলিতে সিনেমা টিকিটের পাশাপাশি খাবার-পানীয়ের আকাশছোঁয়া মূল্য নিয়ে দর্শকদের অসন্তোষ দীর্ঘদিনের। এবার সেই ক্ষোভের প্রতিধ্বনি শোনা গেল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে (Supreme Court)। বুধবার এক শুনানিতে বিচারপতি বিক্রম নাথ ও সন্দীপ মেহতার বেঞ্চ মাল্টিপ্লেক্সগুলির অতিরিক্ত দামের নীতি নিয়ে তীব্র সমালোচনা করেছেন।
আদালতের প্রশ্ন: ‘মানুষ আসবে কীভাবে?’
কর্নাটক হাই কোর্টের একটি রায় নিয়ে বিতর্কের শুনানিতে মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার পক্ষ থেকে যুক্তি পেশ করা হচ্ছিল। এই সময়ই বিচারপতিরা মাল্টিপ্লেক্সের উচ্চ মূল্য নিয়ে মন্তব্য করে তাদের অতিরিক্ত মুনাফার প্রবণতা নিয়ে প্রশ্ন তোলেন।
সুপ্রিম কোর্টের স্পষ্ট মন্তব্য:
“এক বোতল জল ১০০ টাকা, কফি ৭০০ টাকা, এইভাবে দাম রাখলে মানুষ আসবে কীভাবে? শেষ পর্যন্ত হলে চেয়ার খালি হয়ে যাবে।”
আদালত আরও মন্তব্য করে, সিনেমা ইন্ডাস্ট্রি কোভিড-১৯ মহামারীর কারণে আগেই ধাক্কা খেয়েছে, আর এভাবে দাম বাড়িয়ে গেলে দর্শকরা হলমুখো হবেন না।
‘সিনেমা হল তো তাজ নয়!’ – আইনজীবীকে পাল্টা ভর্ৎসনা
মাল্টিপ্লেক্সের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট মুকুল রোহতগি যুক্তি দেন যে, “তাজ হোটেলে কফি ১০০০ টাকায় পাওয়া যায়। সেখানে কি কেউ দাম নির্ধারণ করে?”
রোহতগির এই যুক্তিতে বিচারপতিরা আরও ক্ষুব্ধ হন এবং পাল্টা মন্তব্য করেন, “সিনেমা হল তো তাজ নয়।”
রোহতগি যখন বলেন, “খালি থাকুক, মানুষ চাইলে সস্তার হলে যাক,” তখন বেঞ্চ স্পষ্ট জানায় যে বর্তমানে সাধারণ সিনেমা হলগুলো প্রায় উঠে গিয়েছে, মাল্টিপ্লেক্সই এখন প্রধান। তাই “দামের সীমা থাকা উচিত।”
সুপ্রিম কোর্টের মন্তব্যে চাপে মাল্টিপ্লেক্স
বিতর্কের সূত্রপাত হয়েছিল কর্নাটক সরকারের সিনেমা হলের টিকিটের সর্বোচ্চ মূল্য ২০০ টাকা করার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তের উপর হাই কোর্টের স্থগিতাদেশকে ঘিরে। মাল্টিপ্লেক্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া হাই কোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানায়।
তবে এই শুনানির মাঝে সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই সরাসরি এবং কঠোর মন্তব্য মাল্টিপ্লেক্সগুলির ওপর চরম চাপ সৃষ্টি করল। এখন দেখার, দেশের সর্বোচ্চ আদালতের এই মন্তব্যের প্রেক্ষিতে মাল্টিপ্লেক্সগুলির অতিরিক্ত দামে কোনো পরিবর্তন আসে কি না।