৪ লাখের রাস্তা গায়েব! মালদার নলডুবি ফরেস্ট পাড়ায় ‘দুর্নীতি’র ছায়া, ৭ দিনের আলটিমেটাম স্থানীয়দের

সাংসদ তহবিল থেকে প্রায় এক বছর আগে অর্থ বরাদ্দ হলেও এখনও শুরু হয়নি রাস্তার সংস্কার কাজ। মালদার নলডুবি ফরেস্ট পাড়ার বাসিন্দাদের অভিযোগ, ৪ লক্ষ টাকা বরাদ্দ এবং টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হওয়ার ১০ মাস কেটে গেলেও রাস্তাটি এখনও বেহাল। জল ও কাদায় ভরা এই রাস্তা ধরে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।

স্থানীয়দের অভিযোগের তীর সরাসরি ইঞ্জিনিয়ার ও ঠিকাদারের দিকে। তাঁদের দাবি, ইঞ্জিনিয়ার এবং ঠিকাদারের যোগসাজশেই এই প্রকল্পের টাকা নয়ছয় করার পাঁয়তারা চলছে, যার ফলে কাজ শুরু হচ্ছে না। সাধারণ মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। সামান্য বৃষ্টিতেই রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।

দীর্ঘদিন ধরে অপেক্ষার পরেও কাজ শুরু না হওয়ায় এবার আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে স্থানীয়রা। তাঁদের স্পষ্ট বার্তা— ৭ দিনের মধ্যে যদি রাস্তার কাজ শুরু না হয়, তাহলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। ব্লক দপ্তর ঘেরাও করে প্রতিবাদ জানানো হবে বলে জানিয়েছেন নলডুবি ফরেস্ট পাড়ার ক্ষুব্ধ বাসিন্দারা। জনপ্রতিনিধিরা উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও সরকারি আধিকারিকদের গাফিলতিতে তা আটকে রয়েছে বলে অভিযোগ তাঁদের।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy