সম্পর্ক ভাঙার ৮ দিনের মধ্যেই ভয়ংকর পরিণতি! প্রাক্তন প্রেমিকার গলা কেটে খুন, মুম্বইয়ের ঘটনায় চাঞ্চল্য

সম্পর্কে বিচ্ছেদের পরেও প্রাক্তন প্রেমিকার ওপর আক্রোশ ও নজরদারি চালানোর ফল হলো মর্মান্তিক। অন্য সম্পর্কে জড়ানোর সন্দেহে নিজের প্রাক্তন প্রেমিকার গলা কেটে নৃশংসভাবে খুন করলেন এক যুবক। মুম্বইয়ের এই ভয়াবহ ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত তরুণীর নাম মনীষা যাদব। আট দিন আগেই অভিযুক্ত যুবক সোনু বড়াইয়ের সঙ্গে তাঁর সম্পর্ক ভেঙে গিয়েছিল। কিন্তু বিচ্ছেদের পরেও সোনু মনীষাকে উত্যক্ত করত বলে অভিযোগ।

পুলিশ জানিয়েছে, সোনুর সন্দেহ ছিল যে মনীষা অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছেন এবং তাঁর সঙ্গে প্রতারণা করেছেন। এই সন্দেহ থেকেই প্রতিশোধের আগুন জ্বলে ওঠে সোনুর মনে।

গত শুক্রবার সোনু নিজের বাড়ি থেকে একটি ছুরি নিয়ে বের হন। তিনি মনীষাকে শেষবারের মতো দেখা করতে অনুরোধ করেন। আপত্তির পরেও শেষপর্যন্ত তরুণী রাজি হয়ে একটি নার্সিং হোমের কাছে দেখা করতে আসেন। দুজনের মধ্যে কথা বলার সময়ই সোনু আচমকা ছুরি বের করে তাঁর গলায় কোপ মারে। গলার নলি কেটে নৃশংসভাবে খুন করে মনীষাকে। মুহূর্তের মধ্যে এলাকায় শোরগোল পড়ে যায় এবং মানুষজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করে।

খুনের পর আত্মঘাতী অভিযুক্ত:

প্রাক্তন প্রেমিকাকে খুনের পর অভিযুক্ত সোনু বড়াইও নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দু’জনকেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে ওই যুবকেরও মৃত্যু হয় বলে জানা গেছে।

এই ঘটনা পারিবারিক সহিংসতা এবং সম্পর্কে বিচ্ছেদের পর প্রতিহিংসার এক ভয়াবহ পরিণতি তুলে ধরল।