উলুবেড়িয়া, বীরভূমের পর এবার উত্তর দিনাজপুর! হাসপাতালে ঢুকে মহিলা স্বাস্থ্যকর্মীকে ‘ধমক’ তৃণমূল জেলা সভাপতির, কেন এই শাসানি?

উলুবেড়িয়া এবং বীরভূমের পর এবার উত্তর দিনাজপুর। রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে কর্মীর ওপর ‘শাসানি’র ঘটনা ঘটল আরও একবার। এবার ইসলামপুর মহকুমা হাসপাতালে কর্তব্যরত এক নার্সিং স্টাফকে ‘ধমক’ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের (Kanhaiyalal Agarwal) বিরুদ্ধে।

জানা যাচ্ছে, সম্প্রতি ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার গাফিলতিতে এক রোগীর মৃত্যুর অভিযোগ ওঠে। এই অভিযোগ পাওয়ার পরই তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল হাসপাতালে পৌঁছান। সেখানেই তিনি কর্তব্যরত এক মহিলা স্বাস্থ্যকর্মীকে ‘শাসানি’ দেন বলে অভিযোগ।

এই ঘটনাটিকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। রোগীর মৃত্যুতে শোক থাকলেও, একজন কর্তব্যরত নার্সিং স্টাফকে প্রকাশ্যে এভাবে ধমক দেওয়ায় প্রশ্নের মুখে পড়েছে শাসকদলের নেতাদের ভূমিকা।

যদিও তৃণমূলের জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়াল এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে, স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের ওপর রাজনৈতিক প্রভাবশালীদের এমন আচরণ নিয়ে রাজ্য-রাজনীতিতে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ঘটনায় কী পদক্ষেপ নেয়, এখন সেটাই দেখার।