‘দাদা’ পাতিয়ে দিলেন ফোঁটা! প্রথমবার ফোঁটা পেয়ে আপ্লুত বোনেরা, চমকপ্রদ উপহারে বাড়ল নারী নিরাপত্তা নিয়ে সচেতনতা

চিরাচরিত প্রথা অনুযায়ী ভাইফোঁটায় বোনেরা ভাইদের কপালে ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গল কামনা করেন। কিন্তু এই বছর হুগলির আরামবাগে দেখা গেল সম্পূর্ণ অন্য ছবি। এখানে বোনেরা নয়, বরং ভাই ফোঁটা দিলেন বোনকে!
এই অভিনব ‘বোনফোঁটা’-র আয়োজন করলেন আরামবাগ পুরসভার বিজেপি কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। নিজের এলাকার ১৯টি ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে ১৯ জন বোনকে ফোঁটা দিয়েছেন তিনি।
ফোঁটা দিলেন দাদা, উপহারে ত্রিশূল!
কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষের এই উদ্যোগে আপ্লুত হয়েছেন বোনেরা। কারণ তাঁদের অনেকেই প্রথমবার কোনও ভাইয়ের কাছ থেকে ফোঁটা পেলেন। শুধু ফোঁটা দেওয়াই নয়, একইসঙ্গে বোনেদের হাতে উপহার তুলে দিয়েছেন তিনি।
উপহার হিসেবে বই এবং ত্রিশূল তুলে দিয়েছেন কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ। ফোঁটা দেওয়ার পাশাপাশি এই অভিনব উপহার দেওয়ার বিষয়টিই এখন সবথেকে বেশি চর্চার কেন্দ্রে।
কেন ত্রিশূল উপহার?
কাউন্সিলরের দাবি, তাঁর এই ব্যতিক্রমী ‘বোনফোঁটা’ আয়োজনের মূল উদ্দেশ্য হল দাদা হিসেবে নতুন বোন পাতানো এবং সেই বোনেদের দায়িত্ব নেওয়া।
উপহারে ত্রিশূল দেওয়ার কারণ হিসেবে তিনি দাবি করেছেন, মেয়েদের আত্মরক্ষার্থে এই প্রতীকী উদ্যোগ। সমাজে নারী নির্যাতন এবং নিরাপত্তার অভাবের খবর যখন বারবার উঠে আসছে, সেই পরিস্থিতিতে মেয়েদের আত্মরক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। কাউন্সিলরের কথায়, ত্রিশূল সেই আত্মরক্ষার প্রতীকি উপহার।
স্থানীয় মহলে এই ব্যতিক্রমী উদ্যোগের ব্যাপক প্রশংসা ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, এই ধরনের প্রতীকী উদ্যোগ সমাজে নারী সম্মান ও নিরাপত্তার বার্তা ছড়াতে সাহায্য করবে।