স্কুলের মাঠে খেলছে ছাত্ররা, কারণ জানতে চাওয়ায় সাংবাদিককে চটিপেটা শিক্ষিকার! তোলপাড় সোশ্যাল মিডিয়া

ক্লাসের সময় ছাত্রছাত্রীরা কেন বাইরে খেলাধুলো করছে? এক সাংবাদিকের এই প্রশ্ন শুনেই মেজাজ হারালেন শিক্ষিকা। শুধু মেজাজ হারানোই নয়, পা থেকে চপ্পল খুলে তেড়ে গেলেন সাংবাদিকের দিকে, চলল মারধরও! মধ্যপ্রদেশের দামো জেলার হিনোতি আজম গ্রামের এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। গোটা ঘটনার ভিডিও রেকর্ডিং হওয়ায় তা দ্রুত নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে, যা দেখে শিক্ষিকার এমন অশালীন আচরণে নিন্দার ঝড় উঠেছে।
কী ঘটেছিল?
জানা গেছে, ঘটনার দিন ওই সাংবাদিক গ্রামের স্কুলের সামনে গিয়ে দেখেন, স্কুলের ছাত্রছাত্রীরা ক্লাসে না গিয়ে স্কুল চত্বরের মধ্যেই খেলাধুলো করে বেড়াচ্ছে। তিনি নিজের ক্যামেরায় সেই দৃশ্য রেকর্ড করে বলেন, “এই দেখুন বাচ্চারা কেমন বাইরে ঘুরে বেড়াচ্ছে।”
এর পরই তিনি এক ব্যক্তির সঙ্গে কথা বলতে থাকা ওই শিক্ষিকার দিকে এগিয়ে যান। পেশাগত দায়িত্ববোধ থেকে তিনি শান্তভাবে প্রশ্ন করেন, “ম্যাডাম, আপনার ছাত্রছাত্রীরা বাইরে ঘুরছে কেন?”
প্রশ্নটি শুনেই ওই শিক্ষিকা যেন মুহূর্তে তেতে ওঠেন। ঝাঁঝালো গলায় তিনি সাংবাদিককে পাল্টা প্রশ্ন করেন, “আপনার সঙ্গে কি ফালতু কথা বলছি আমি?” এর পরেই চরম হুঁশিয়ারি দিয়ে পা থেকে চপ্পল খুলে ফেলেন এবং বলেন, “চপ্পল দিয়ে মারব কিন্তু!” কথা শেষ না হতেই তিনি চপ্পল হাতে সাংবাদিককে মারতে শুরু করেন।
সাংবাদিক সেই সময় পিছিয়ে গিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন এবং বলেন, “গায়ে হাত দেবেন না ম্যাডাম।” কিন্তু তাতেও শিক্ষিকা থামেননি।
গ্রামবাসীরাও হতবাক
আশেপাশে উপস্থিত গ্রামবাসীরা, যাঁদের মধ্যে কয়েকজন মহিলাও ছিলেন, শিক্ষিকার এমন উগ্র আচরণ দেখে হতবাক হয়ে যান। তাঁরা তড়িঘড়ি শিক্ষিকাকে আটকানোর চেষ্টা করেন। বচসার মাঝেই শিক্ষিকা চিৎকার করে বলতে থাকেন, “এই লোকটি অভদ্রতা করছে!” উত্তরে সাংবাদিক স্পষ্ট বলেন, “কী অভদ্রতা করলাম? গায়ে হাত দেবেন না, সব রেকর্ড হয়ে গিয়েছে।” তিনি আরও হুঁশিয়ারি দেন, “একটা থাপ্পড়ও যদি মারেন, আমিও কিন্তু পালটা মারব।”
ভিডিওটি ‘এক্স’ (টুইটার) মাধ্যমে শেয়ার হতেই নিমেষের মধ্যে ভাইরাল হয়ে যায় এবং শিক্ষিকার এহেন আচরণের তীব্র সমালোচনা শুরু হয়। নেটিজেনরা প্রশ্ন তোলেন, “ইনি শিক্ষিকা? যদি তাই হন, তা হলে ওই গ্রামের ভবিষ্যৎ শুধু অনিশ্চিত নয়, অন্ধকারাচ্ছন্ন।” কেউ কেউ শিক্ষিকার নিয়মিত ক্লাস না নেওয়ার প্রবণতার দিকেও আঙুল তোলেন। অনেকেই ক্ষোভ প্রকাশ করে লেখেন, একজন মহিলা হয়ে শারীরিক ভাবে হেনস্থা করছেন, অথচ ইনিই দেশের ভবিষ্যৎ গড়ার দায়িত্বে রয়েছেন।
গ্রামবাসীদের ক্ষোভ
ঘটনার পর সাংবাদিক স্থানীয় মহিলা এবং গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। তাঁদের অভিযোগ, ওই শিক্ষিকা প্রায়শই ক্লাস নেন না এবং পড়ুয়াদের বাইরে খেলতে ছেড়ে দেন। সাংবাদিকের প্রশ্ন করাটা অনুচিত ছিল কি না, এই প্রশ্নের জবাবে গ্রামবাসীরা সাফ জানান, তিনি কোনও ভুল করেননি। একজন সাংবাদিক হিসাবে প্রশ্ন করার অধিকার তাঁর রয়েছে। শিক্ষিকার উচিত ছিল শান্ত ভাবে উত্তর দেওয়া, হিংসার আশ্রয় নেওয়া নয়।