তেলেঙ্গানার OBC সংরক্ষণে সুপ্রিম বাধা! ‘৫০ শতাংশের বেশি কোটা দেওয়া যাবে না’, স্পষ্ট জানাল শীর্ষ আদালত

স্থানীয় নির্বাচনে ওবিসি (OBC) সংরক্ষণ বাড়ানোর বিষয়ে তেলেঙ্গানা সরকারের করা আর্জি সরাসরি প্রত্যাখ্যান করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত স্পষ্ট জানিয়ে দিল, সংরক্ষণের সর্বোচ্চ মাত্রা ৫০ শতাংশ। কোনো পরিস্থিতিতেই এই সীমা পেরনো যাবে না।

তেলেঙ্গানা সরকার স্থানীয় নির্বাচনের ক্ষেত্রে ওবিসি-দের জন্য মোট আসনের ৪৭ শতাংশ সংরক্ষণ করতে চেয়েছিল। তাদের যুক্তি ছিল, এটা তাদের ঘোষিত নীতি। কিন্তু এমনটা করলে মোট সংরক্ষণ ৬৭ শতাংশ হয়ে যাচ্ছিল। এই নীতির উপরে আগেই স্থগিতাদেশ জারি করেছিল তেলেঙ্গানা হাইকোর্ট। হাইকোর্টের সেই স্থগিতাদেশের বিরোধিতা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল তেলেঙ্গানা সরকার।

সরকারের সওয়াল খারিজ
তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডির সরকারের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভী আদালতে সওয়াল করেন, “স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব সর্বদলীয় ভাবে এই নীতিকে সমর্থন জানিয়েছে। তাহলে এটা মানতে অসুবিধা কোথায়? হাইকোর্টের প্রথম কয়েকটা পাতার নিষেধাজ্ঞা ছাড়া এখানে স্থগিতাদেশ দেওয়ার মতো কিছুই নেই।”

যদিও শুনানি শেষে তেলেঙ্গানা হাইকোর্টের ৯ অক্টোবরের আদেশের বিরুদ্ধে করা সে রাজ্যের সরকারের আবেদন খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং সন্দীপ মেহতার বেঞ্চ।

সংরক্ষণের সীমা লঙ্ঘনের অভিযোগ
আসলে, ওবিসি কোটা বাড়িয়ে দেওয়ার তেলেঙ্গানা সরকারের এই নীতির বিরোধিতা করে একগুচ্ছ আবেদন জমা পড়েছিল তেলেঙ্গানা হাইকোর্টে। সেই আবেদনগুলির প্রেক্ষিতে চার সপ্তাহের মধ্যে তেলেঙ্গানা সরকারের জবাবদিহি চেয়ে পাঠিয়েছিল আদালত।

হাইকোর্টে আবেদনকারীদের মধ্যে কয়েকজন গত ২৬ সেপ্টেম্বর, ২০২৫ সালের সরকারি আদেশকে চ্যালেঞ্জ জানিয়ে আবেদন করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, অনগ্রসর শ্রেণির জন্য ৪২ শতাংশ কোটা স্থানীয় সংস্থাগুলিতে মোট সংরক্ষণ ৬৭ শতাংশে পৌঁছে দিচ্ছে, যা আদালতের রায়ে বলা নির্ধারিত ৫০ শতাংশ সংরক্ষণের সীমা লঙ্ঘন করে। সুপ্রিম কোর্ট হাইকোর্টের অবস্থানকে বহাল রেখে তেলেঙ্গানা সরকারের আবেদন খারিজ করে দিল।

আরও পড়ুন: সেই বুশের সময় থেকে আছেন…চিনের সঙ্গে কোনও সম্পর্কই নেই! চিনা চরবৃত্তির অভিযোগ অস্বীকার ভারতীয়ের

আরও পড়ুন: কর্মরত শিক্ষকদের TET দেওয়ার নির্দেশ, মিলে গেল নবান্নের সবুজ সঙ্কেত! রিভিউ পিটিশনে যাওয়ার সিদ্ধান্ত রাজ্যের