ভয়াবহ দুর্ঘটনা হলদিয়ায়! যাত্রী বোঝাই অটোয় তেলের ট্যাঙ্কারের ধাক্কা, মৃত ৩-আহত ৫

হলদিয়ার চিরঞ্জিবপুর এলাকায় ফের এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। জনবহুল রাস্তা চিরঞ্জিবপুরের রাজ্য সড়কের উপরে যাত্রী বোঝাই অটোর সঙ্গে একটি তেল ট্যাঙ্কারের সরাসরি ধাক্কায় প্রাণ হারালেন তিনজন। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে চিরঞ্জিবপুর ফ্লাইওভারের পাশে।

জানা গিয়েছে, দুর্ঘটনার পর গুরুতর আহতদের দ্রুত হলদিয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে দু’জনকে মৃত বলে ঘোষণা করা হয়। পরে কলকাতা নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। এই ঘটনায় মোট মৃতের সংখ্যা এখন ৩ জন এবং আহত হয়েছেন ৫ জন।

মৃতদের পরিচয়:

প্রাণ হারানো তিনজনের পরিচয় জানা গিয়েছে:

স্কুল শিক্ষিকা পম্পা প্রামানিক (৪৫)

অটোচালক শেখ হাসিবুল (৩৭)

অটো যাত্রী সুরেশ মণ্ডল (৫৭)

গুরুতর আহত পাঁচজনকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

হলদিয়া থানা এলাকার চিরঞ্জিবপুরে ঘটা এই দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঠিক কীভাবে তেল ট্যাঙ্কারটি নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে ধাক্কা মারল, তা খতিয়ে দেখছে পুলিশ।