৬ মাস কেরলে কাজ, রাতে কাঁটাতার পেরিয়ে ফেরার চেষ্টা! রাণীনগর সীমান্তে ৪ বাংলাদেশি যুবককে হাতেনাতে ধরল পুলিশ

ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় সক্রিয়তা দেখিয়ে বড় সাফল্য পেল মুর্শিদাবাদ জেলা পুলিশ। বুধবার রাতে জেলার পৃথক দুই জায়গা রাণীনগর ও ডোমকল থেকে মোট ছয়জন অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবককে গ্রেফতার করেছে পুলিশ। অবৈধভাবে ভারতে প্রবেশ এবং কাঁটাতার পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টার সময় তাদের আটক করা হয়।

রাণীনগরে ৪ অনুপ্রবেশকারী গ্রেফতার
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে রাণীনগর থানার পুলিশ হারুডাঙ্গা এলাকায় অভিযান চালায়। ওই এলাকায় পুলিশি অভিযান চলাকালীন চারজন অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবককে হাতেনাতে ধরে ফেলা হয়। তারা অবৈধভাবে কাঁটাতার পার করে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই চার যুবক প্রায় ছয় মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং কেরলে রাজমিস্ত্রির কাজ করছিলেন। বুধবার রাতে তারা রাণীনগর হয়ে বাংলাদেশে প্রবেশ করার চেষ্টা করছিলেন। বৈধ কাগজপত্র দেখাতে না পারায় চারজনকেই গ্রেফতার করে পুলিশ। এদের মধ্যে চারজনের বাড়িই বাংলাদেশের রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায়।

ডোমকলেও আটক ২ যুবক
অন্যদিকে, ডোমকল থানার ভাতশালা এলাকায় অভিযান চালিয়ে আরও দুইজন অনুপ্রবেশকারী বাংলাদেশি যুবককে গ্রেফতার করে পুলিশ। জানা যায়, এই দুই যুবক কাজের সন্ধানে বাংলাদেশ থেকে অবৈধভাবে তিন দিন আগেই ভারতে প্রবেশ করে। এদের বাড়ি বাংলাদেশের কিশোরগঞ্জ জেলায়।

মুর্শিদাবাদের পৃথক দুই জায়গা থেকে গ্রেফতার হওয়া এই মোট ছয়জনকে আইনানুগ ব্যবস্থা নিতে আদালতে তোলা হয়েছে। রাণীনগর থানা এলাকার চারজনকে বৃহস্পতিবার লালবাগ মহকুমা আদালতে এবং ডোমকল থানা এলাকার দুইজনকে বহরমপুর জেলা আদালতে তোলা হয়। পুলিশ এখন এই বাংলাদেশিরা কোথা থেকে, কীভাবে অবৈধ পথে ভারতে প্রবেশ করল, তার সম্পূর্ণ তদন্ত শুরু করেছে।