বিশ্ব পশু দিবসে খুশির খবর, সঙ্গীত শিল্পী জুবিন গর্গের স্মৃতিতে কাজিরাঙার নতুন সদস্যের নাম দেওয়া হলো ‘মায়াবিনী’

বিশ্ব পশু দিবসের শুভক্ষণে কাজিরাঙা ন্যাশনাল পার্ক অ্যান্ড টাইগার রিজার্ভে (Kaziranga National Park and Tiger Reserve) এক নতুন অতিথির আগমন ঘটল। পার্কের অত্যন্ত জনপ্রিয় হাতিনি ‘কুঁৱৰী’ (Kuwari) একটি সুস্থ হস্তিশাবকের জন্ম দিয়েছে। আর এই সদ্যোজাতর নামকরণ হয়েছে প্রয়াত কিংবদন্তি সঙ্গীতশিল্পী জুবিন গর্গের জনপ্রিয় গান ‘মায়াবিনী’র নামে।

এই হৃদয়গ্রাহী নামকরণ জুবিন গর্গের অগণিত অনুরাগীর মনে আবেগের ঢেউ তুলেছে।

‘রাজকুমারী’র কোল আলো করে এল ‘মায়াবিনী’
কাজিরাঙার পরিচালকরা জানিয়েছেন, কুঁৱৰী হাতিনি গত চার দশক ধরে এই অভয়ারণ্যের অন্যতম আকর্ষণ। অসমিয়া ভাষায় ‘কুঁৱৰী’র অর্থ ‘রাজকুমারী’। এই রাজকুমারীর কোল আলো করেই এবার জন্ম নিল ছোট্ট ‘মায়াবিনী’। এর আগে কুঁৱৰী ‘গৃহরাজ’ নামে একটি পুত্রসন্তানেরও জন্ম দিয়েছিল।

কাজিরাঙা টাইগার রিজার্ভের ডিরেক্টর সোনালি ঘোষ জানান, ১৯৮৬ সাল থেকে কুঁৱৰী কাজিরাঙায় রয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, তার মেয়ে মায়াবিনী একেবারে সুস্থ আছে এবং বর্তমানে সে সকলের নয়নের মণি।

‘নতুন জীবন, আশা ও সম্প্রীতির প্রতীক’
অসমের পরিবেশ, বন এবং জলবায়ু দফতরের মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারিই হস্তিশাবকের নাম ‘মায়াবিনী’ রাখার কথা ঘোষণা করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “বিশ্ব পশু দিবসে খুশির খবর। কাজিরাঙার কুঁৱৰী সুস্থ মেয়ের জন্ম দিয়েছে। অত্যন্ত স্নেহ ও সদিচ্ছার বশবর্তী হয়ে তার নাম রাখা হয়েছে মায়াবিনী, যা কি না নতুন জীবন, আশা ও সম্প্রীতির প্রতীক।”

জুবিন গর্গের কালজয়ী গান ‘মায়াবিনী রাতের বুকুত’ অসম্ভব জনপ্রিয়। জুবিনের মৃত্যুর পর এই গানের কিছু পঙক্তি আজও তাঁর অনুরাগীদের মধ্যে ঘুরে ফেরে, যা নতুন জীবন ও ভালোবাসার কথা বলে। এই কারণেই হস্তিশাবকের এই নামকরণকে সার্থক বলে মনে করছেন জুবিন ভক্তরা।

তিন বছর পর ফিরল পরিযায়ী পাখি স্টর্ক
এদিকে, কাজিরাঙা কর্তৃপক্ষ আরও একটি খুশির খবর জানিয়েছেন। তিন বছর পর সেখানে আবারও ফিরেছে পরিযায়ী পাখি স্টর্ক। ২০২২ সালের আদমসুমারিতে তাদের শেষবার দেখা গিয়েছিল। যদিও প্রথমবার ২০০৪ সালে কাজিরাঙায় তাদের দর্শন মেলে। তবে আপাতত সকলের আগ্রহের কেন্দ্রে সদ্যোজাত হস্তিশাবক ‘মায়াবিনী’।