উৎসবের মরশুমে বাম্পার লাভ, দিঘা-মন্দারমণিতে পর্যটকদের ভিড়, কোন মদ বিদেশি মদকে টেক্কা দিল?

উৎসবের মরশুমে মদ বিক্রি করে রাজ্য সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ এবার রীতিমতো উপচে পড়েছে। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর প্রথম চারদিনে (ষষ্ঠী থেকে নবমী) রেকর্ড পরিমাণ মদ বিক্রি করে তাক লাগিয়ে দিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা। রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, এই চারদিনে শুধু পূর্ব মেদিনীপুর থেকেই প্রায় ৩৩ কোটি ৮৬ লাখ টাকারও বেশি রাজস্ব আয় হয়েছে সরকারের।
পর্যটকদের ভিড়েই রেকর্ড বিক্রি
এই বিপুল বিক্রির মূল কারণ হিসেবে মনে করা হচ্ছে জেলার সৈকত নগরী দিঘা, মন্দারমণি, তাজপুর এবং উদয়পুর। পুজো উপলক্ষে শহরের ভিড় এড়াতে বহু পর্যটক চার-পাঁচ দিনের ছুটিতে সমুদ্র দর্শনে ভিড় করেন। একদিকে পুজোর উৎসব এবং অন্যদিকে সৈকত শহরগুলিতে পর্যটকদের অতিরিক্ত ভিড়ের কারণেই মদ বিক্রি এত পরিমাণ বেড়েছে বলে মনে করছে আবগারি দফতর।
দেশি মদের বাজিমাত: টেক্কা দিলো বিদেশি মদকে
বিক্রির পরিসংখ্যানে চমকপ্রদ তথ্য উঠে এসেছে। দেশি মদ (IML) এই মরশুমে টেক্কা দিয়েছে বিদেশি মদ (FL)-কে।
মদের প্রকার বিক্রির পরিমাণ (লিটার)
দেশি মদ (ML) ৩,২০,০৯.৭২ লিটার
বিদেশি মদ (FL) ২,০২,৬৫৫.৮৫ লিটার
বিয়ার ২,৮৪,২০৫.৩৯ লিটার
মোট দেশি, বিদেশি ও বিয়ার বিক্রি করে পূর্ব মেদিনীপুর জেলা থেকে সরকারের মোট উপার্জন হয়েছে ৩৩৮৬৯৭১৯৭.০২ টাকা। যদিও বিজয়া দশমী ও গান্ধী জয়ন্তী একই দিনে পড়ায় ‘ড্রাই ডে’ থাকায় মদ বিক্রিতে কিছুটা ভাটা পড়েছিল।
উল্লেখ্য, পূর্ব মেদিনীপুর জেলা এই প্রথম নয়। বিগত কয়েক বছর ধরেই পুজোর সময়ে মদ বিক্রিতে রেকর্ড গড়ছে। এর প্রধান কারণ হিসেবে দিঘা-সহ অন্যান্য সৈকত শহরগুলিতে সারা বছর ধরে পর্যটকদের ভিড়।