পাকিস্তানের মাটিতে ফের সন্ত্রাসবাদী হামলা? ৬ জনের মৃত্যু, ১৯ আহত!

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সে দেশের ফ্রন্টিয়ার কর্পস সদর দফতরের কাছে এক বড়সড় বিস্ফোরণে অন্তত ৬ জন নিহত এবং ১৯ জন আহত হয়েছেন। মঙ্গলবার সকালে পূর্ব কোয়েটার মডেল টাউনে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। প্রতিবেদন প্রকাশিত হওয়ার আগে পর্যন্ত কোনো জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে, আশেপাশের বহু বাড়ির জানলার কাচ ভেঙে যায়। বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে গুলির শব্দ শোনা যায়, যা স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে। ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছায়। সিনিয়র পুলিশ অফিসাররা জানান, বিস্ফোরণের প্রকৃতি জানার চেষ্টা চলছে এবং ঘটনার স্থল ঘিরে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
আহতদের দ্রুত কোয়েটার সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরিস্থিতি সামাল দিতে বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বখত মহম্মদ কাকার এবং স্বাস্থ্য সচিব মুজিব-উর-রহমান ওই হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করেন। একইভাবে বিএমসি হাসপাতাল এবং ট্রমা সেন্টারেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের চিকিৎসার জন্য হাসপাতাল প্রশাসন সব ডাক্তার, নার্স ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করার নির্দেশ দিয়েছে।