ফরিদাবাদের বাড়িতে চুরি গেল কিংবদন্তি মেরি কমের! ম্যারাথনে যোগ দিতে বিদেশে, ফিরেই ‘আতঙ্ক ও ভয়ে’ বক্সার

কিংবদন্তি ভারতীয় মহিলা বক্সার, ৬ বারের বিশ্বচ্যাম্পিয়ন মেরি কমের ফরিদাবাদের বাড়িতে চুরির ঘটনা ঘটল। তিনি যখন একটি ম্যারাথন ইভেন্টে যোগ দিতে মেঘালয়ে গিয়েছিলেন, তখনই চোরেরা তাঁর সুরাজকুন্ড সেক্টর ৪৬-এর বাংলোতে হানা দেয়। জানা গিয়েছে, বেশ কয়েক লক্ষ টাকার দামি আসবাবপত্র, টিভি ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র চুরি হয়েছে।

২৪ সেপ্টেম্বর হানা দিয়েছিল চোরেরা
বাড়িটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল। প্রতিবেশীরাই প্রথমে মেরি কমের বাড়ির পেছনে একটি মই দেখতে পান এবং তাঁর ম্যানেজারকে খবর দেন। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

চুরির ঘটনা নিয়ে মেরি কম নিজেই জানিয়েছেন, “আমি এই মুহূর্তে বাইরে। বাড়িতে নেই। আমার ফরিদাবাদের বাড়িতে হয়েছে চুরির ঘটনাটি। আমার প্রতিবেশীরা জানিয়েছেন যে গত ২৪ সেপ্টেম্বর চোর এসেছিল।”

তিনি আরও বলেন, “সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে বাড়ি থেকে অনেক আসবাসপত্র ও টিভি নিয়ে যাচ্ছে তারা। আমি সত্যিই খুব আতঙ্ক ও ভয়ে রয়েছি।”

পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই ঘটনার তদন্তের স্বার্থে ৬টি দলও গঠন করা হয়েছে।

ব্যক্তিগত জীবনেও টানাপোড়েন
উল্লেখ্য, এই চুরির খবরের কিছুদিন আগেই মেরি কম তাঁর ব্যক্তিগত জীবনের কারণে আলোচনায় এসেছিলেন। কারুং ওঙ্খেলার সঙ্গে তাঁর দাম্পত্য জীবনে ইতি টেনেছেন বলে নিজেই নিশ্চিত করেছিলেন বিশ্বচ্যাম্পিয়ন এই বক্সার। ২০২২ সালের মণিপুর বিধানসভা ভোটে প্রাক্তন স্বামী কারুং হেরে যাওয়ার পর দুজনের মধ্যে সম্পর্কের দূরত্ব বাড়তে থাকে। এরপর কারুং দিল্লিতে একা থাকতে শুরু করেন এবং মেরি কম চার সন্তানকে নিয়ে ফরিদাবাদে থাকা শুরু করেন।

অন্যদিকে, কিছু সংবাদমাধ্যমে তাঁর অবসরের ভুয়ো খবর প্রকাশিত হলেও, তিনি তা সরাসরি উড়িয়ে দিয়েছিলেন। বিবৃতিতে মেরি কম জানান, “আমার মিডিয়ার বন্ধুরা, আমি এখনও অবসর ঘোষণা করিনি, আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমার অবসর ঘোষণা করার হলে আমি নিজে মিডিয়ার সামনে এসে সেটা জানাব।”

ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনের মধ্যেই বাড়িতে চুরির ঘটনায় কার্যত আতঙ্কিত কিংবদন্তি বক্সার।