উদিত নারায়ণের কড়া শাসন! ‘অনেক মার খেয়েছি বাবার হাতে’, কিংবদন্তি গায়কের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্ফোরক আদিত্য নারায়ণ

বলিউডের কিংবদন্তি গায়ক উদিত নারায়ণ এবং তাঁর ছেলে, জনপ্রিয় গায়ক ও সঞ্চালক আদিত্য নারায়ণ-এর মধ্যে পর্দায় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখা গেলেও, বাস্তবে তাঁদের ছোটবেলার সম্পর্ক ছিল বেশ ‘কঠোর’। সম্প্রতি এক সাক্ষাৎকারে আদিত্য নারায়ণ এই বিষয়ে খোলাখুলি কথা বলেছেন।

ভারতী সিং এবং হর্ষ লিম্বাচিয়ার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে আদিত্য জানান, তাঁর বাবা তাঁকে ১৮ বছর বয়স পর্যন্ত ভালই শাসন করতেন। উদিত-পুত্র বলেন, “তিনি আমাকে মারতেন। আমি অনেক মার খেয়েছি। তবে তখন সেটা এক প্রকার স্বাভাবিক ছিল।” তিনি জানান, সেই সময় বন্ধুদের মধ্যেও আলোচনা হত, কে বাড়িতে কতবার মার খেয়েছে।

শাসন ও ভালোবাসার ভারসাম্য
আদিত্য নারায়ণ স্বীকার করেন, বাবা উদিত নারায়ণ শাসনের পাশাপাশি ভালোবাসাতেও কোনো কমতি রাখেননি। জুনিয়র নারায়ণের কথায়, “বাবা আমাকে ভালোবাসতেন, তবে শাসনও করতেন। তিনি খুব কড়া ছিলেন।” আদিত্য আরও যোগ করেন যে, বর্তমান সময়ে বাবা-মায়েরা আর বাচ্চাদের উপর হাত তুলতে পারেন না, কিন্তু উদিতের কঠোর শৃঙ্খলা এবং ভালোবাসা একসঙ্গে তাঁকে জীবনের প্রাথমিক শিক্ষা দিয়েছে। শৈশবেই তিনি শিখেছেন কীভাবে পরিশ্রম, ধৈর্য এবং নিয়মিত অনুশীলন একজন মানুষের চরিত্র গড়ে তোলে।

লন্ডনে গিয়ে প্রথম বাবার কাছে আর্থিক সাহায্য
বাবা বলিউডের অন্যতম সফল গায়ক হলেও, ছোটবেলা থেকেই আদিত্য নিজের পড়াশোনার খরচ নিজেই চালাতেন। তিনি জানান, “এর আগে স্কুল ও কলেজের খরচ যথেষ্ট কম ছিল, আর আমি নিজেই উপার্জন করতাম, তাই সব সামলাতাম।”

আদিত্য মনে করে বলেন, পড়াশোনার জন্য যখন তিনি লন্ডনে যান, সেই সময়েই প্রথম তাঁর বাবার আর্থিক সাহায্যের প্রয়োজন হয়েছিল। উদিত নারায়ণও প্রথমবার ছেলের পড়াশোনার খরচভার বহন করেন। তিনি বলেন, “মনে আছে, পুরো বছরের স্কুলের জন্য আমি মাত্র ১,৮০০ টাকা দিয়েছিলাম।”

উদিত নারায়ণের বিশাল সাফল্যের (শাহরুখ, আমির, সলমনের জন্য হিট গান) ছায়ায় না থেকে আদিত্য নারায়ণ নিজের জন্য আলাদা পরিচিতি তৈরি করেছেন। তিনি কেবল প্লেব্যাক সিঙ্গার নন, একজন সফল টেলিভিশন সঞ্চালক, মিউজিক্যাল পারফর্মার এবং অভিনেতা হিসেবেও নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।