৫২২ কেজি ওজন ঝুলিয়ে রাখলেন ১ মিনিট ৭ সেকেন্ড! পাক সীমান্তের সামনে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের ‘স্টিল ম্যান’

দুর্গাপূজার মণ্ডপের কাঠামোয় ব্যবহৃত বাঁশ বা চ্যাঁচারির স্তম্ভের মতো দেখতে হলেও, পুরোটাই ছিল ধাতুর তৈরি। আর এই ধাতব স্তম্ভ দুটির সম্মিলিত ওজন ছিল প্রায় ৫২২ কেজি (প্রতিটি ২৬১ কেজি)! সেই দুটি বিশাল স্তম্ভকে মাত্র দুটি চেনের সাহায্যে ১ মিনিট ৭ সেকেন্ড ধরে টেনে ধরে রেখে বিশ্ব রেকর্ড গড়লেন ভারতের পেশীবহুল যুবক ভিসপি খারাদি।

পঞ্জাবের আটারি সীমান্তে, ঠিক পাকিস্তানের সীমান্ত প্রহরার সামনে ভারতের অংশে দাঁড়িয়ে ভিসপি খারাদির এই শক্তি প্রদর্শন শুধু পৃথিবীকে চমকে দিল না, রূপক অর্থে তা ভারতের শক্তি হিসাবেই সামনে এল। হাজার হাজার দর্শক বিস্ময়ে, উল্লাসে এবং করতালি দিয়ে ওই যুবককে উৎসাহ যোগালেন।

কে এই ভিসপি খারাদি?
এই বিশ্বরেকর্ড সৃষ্টিকারী যুবকের নাম ভিসপি খারাদি।

পেশায় তিনি একজন ফিটনেস ট্রেনার।

তিনি ‘স্টিল ম্যান অফ ইন্ডিয়া’ বা ‘ভারতের ইস্পাত মানব’ নামেই পরিচিত।

এর আগেও তিনি একাধিকবার এমন শারীরিক শক্তির চমক দেখিয়েছেন।

ভারতের এই ইস্পাত মানবের প্রদর্শনীতে আটারি সীমান্তের দুই দেশের মিলনস্থলে তৈরি হলো এক অভূতপূর্ব দৃশ্য, যেখানে ভারতীয় যুবকের অদম্য শক্তি ও মনোবলই হয়ে উঠল আলোচনার কেন্দ্রবিন্দু।