চিরশান্তির লাদাখ এখন অশান্ত! ‘সমস্যার মূলে গিয়ে সমাধান করুন’, কেন্দ্রকে কড়া বার্তা দিলেন মেহবুবা মুফতি।

লাদাখে রাজ্যের তকমা এবং সংবিধানের ষষ্ঠ তহশিলের (Sixth Schedule) অন্তর্ভুক্তির দাবিতে দীর্ঘদিন ধরে চলা বিক্ষোভ বুধবার হিংস্র আকার ধারণ করার পর এবার মুখ খুললেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। লেহ-এর রাস্তায় বিক্ষোভ-সংঘর্ষের জেরে ৪ জন প্রাণ হারান এবং ২২ জন পুলিশকর্মী সহ প্রায় ৯০ জন আহত হন। এই ঘটনার পর পর কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন ওমর আবদুল্লাহ।

ওমর আবদুল্লাহ: ‘লাদাখের মানুষ মনে করছে ওরা প্রতারিত’
নিজের X হ্যান্ডেলে (সাবেক টুইটার) ওমর আবদুল্লাহ লাদাখের বর্তমান পরিস্থিতিকে ২০১৯ সালের প্রেক্ষাপটের সঙ্গে তুলনা করেছেন।

তিনি লেখেন, “লাদাখকে রাজ্যের তকমা দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়নি। ২০১৯ সালেওরা কেন্দ্রশাসিত অঞ্চল হওয়া রীতিমতো উদযাপন করেছিল। কিন্তু এখন ওরা মনে করছে ওরা প্রতারিত এবং ক্ষুব্ধ।”

লাদাখের এই পরিস্থিতিকে জম্মু ও কাশ্মীরের সঙ্গে তুলনা করে ওমর বলেন, “এখন আপনারাই ভাবুন জম্মু ও কাশ্মীরকে যে রাজ্যের তকমা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, যখন সেটা পূর্ণ হয় না, তখন জম্মু-কাশ্মীরের মানুষের কী মনে হচ্ছে? প্রতারিত এবং হতাশ! যদিও আমরা আমাদের দাবি গণতান্ত্রিক উপায়ে, শান্তিপূর্ণ ভাবে এবং দায়িত্বশীলতার সঙ্গে পেশ করে এসেছি।”

মেহবুবা মুফতি: ‘সমস্যার শিকড় পর্যন্ত পৌঁছান’
জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং পিডিপির সভাপতি মেহবুবা মুফতিও এদিন সোশ্যাল মিডিয়ায় কেন্দ্রের সমালোচনা করেন।

তিনি লেখেন, “সময় এসে গেছে, ২০১৯ এর পর থেকে এখানে সত্যি সত্যি কী কী পরিবর্তন হয়েছে, এবার অন্তত কেন্দ্র সেটা পুঙ্খানুপুঙ্খ ভাবে বিবেচনা করুক।”

মেহবুবা আরও জানান, চিরটাকাল শান্তির জন্য পরিচিত লাদাখও এখন বিক্ষোভের আগুনে জ্বলছে। তিনি স্পষ্ট করে বলেন, “মানুষ ধৈর্য হারিয়েছে, প্রতারিত অনুভব করছে, নিরাপত্তাহীনতায় ভুগছে। সময় এসে গেছে দিন প্রতি সমস্যার সমাধান না করে সমস্যার শিকড় পর্যন্ত পৌঁছে দ্রুত এবং স্বচ্ছ ভাবে সমস্যার সমাধান করা।”

লাদাখে বিক্ষোভের এই পরিস্থিতি এবং জম্মু ও কাশ্মীরের রাজনৈতিক দলগুলোর কড়া মন্তব্য কেন্দ্রের কাছে এই অঞ্চলের রাজনৈতিক স্থায়িত্ব বজায় রাখার ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ নিয়ে এলো।