৬ অক্টোবর চূড়ান্ত রায় সুপ্রিম কোর্টে! ‘সার’ শুরুর আগে সর্বদলীয় বৈঠকের নির্দেশ কমিশনের, কেন এত তৎপরতা?

সারা দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা ‘সার’ (Special Intensive Revision of Electoral Roll) কবে শুরু হবে, সেই তারিখ এখনও স্থির করেনি নির্বাচন কমিশন (ECI)। তবে আগামী বছরের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি হিসেবেই কমিশন দেশের সব রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের (CEO) দিল্লিতে ডেকে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছে।
এই প্রস্তুতির মূল লক্ষ্য হল বিহারের মতো বিতর্ক এড়ানো। কমিশন সূত্রে খবর, সিইও-দের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, ‘সার’ শুরু করার আগে রাজনৈতিক দলগুলির সঙ্গে বাধ্যতামূলকভাবে বৈঠক (All Party Meeting) করতে হবে। কীভাবে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বাস্তবায়ন করা হবে, তা নিয়ে সর্বদলীয় বৈঠকে আলোচনা করতে হবে এবং দলগুলির কোনো গ্রহণযোগ্য প্রস্তাব থাকলে তা প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করতে হবে।
বিহারের ঘটনা: সুপ্রিম কোর্টের নির্দেশে আধার কার্ড বৈধ
ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে বিহারে চলতি বছরের ৪ জুন ‘সার’ শুরু হয়েছিল। কিন্তু সেখানে রাজনৈতিক দলগুলির সঙ্গে আগাম আলোচনা করা হয়নি। এর ফলে কমিশন আরোপিত সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গুচ্ছ মামলা দায়ের হয়। শেষ পর্যন্ত শীর্ষ আদালতের নির্দেশে কমিশনকে আধার কার্ডকে ভোটার তালিকায় নাম তোলার জন্য বৈধ প্রমাণ হিসেবে গ্রহণ করতে হয়।
যদিও এই নির্দেশ পালনের পর কমিশন হলফনামা দিয়ে সুপ্রিম কোর্টকে জানায়, সংবিধানের ৩২৪ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী ভোটার তালিকা সংশোধনের ক্ষেত্রে কমিশনই শেষ কথা। এর জবাবে শীর্ষ আদালত কঠোর বার্তা দিয়ে বলেছে, কমিশন আইন ও সংবিধানের পরিধির মধ্যে কাজ করছে কি না, তা পর্যালোচনা করার অধিকার আদালতের আছে।
৬ অক্টোবর চূড়ান্ত রায়, প্রভাব পড়বে গোটা দেশে
এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্ট একটি বড় পদক্ষেপের আভাস দিয়েছে। আগামী ৬ অক্টোবর ‘সার’ সংক্রান্ত মামলার চূড়ান্ত রায় দেবে শীর্ষ আদালত। আদালত পরিষ্কার জানিয়ে দিয়েছে, তারা এই রায় শুধু বিহারের মধ্যেই সীমাবদ্ধ রাখবে না, বরং গোটা দেশের কথা বিবেচনায় রেখে রায় প্রদান করবে।
মনে করা হচ্ছে, সুপ্রিম কোর্টের এই কঠোর মনোভাবের কারণেই কমিশন এবার নিজেদের ভুলত্রুটি শুধরে নিয়ে সতর্কভাবে পদক্ষেপ করছে। আগামী বছর পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরল ও পুদুচেরীতে বিধানসভা নির্বাচন রয়েছে। সেই রাজ্যগুলির সঙ্গেই অন্যান্য রাজ্যের ভোটার তালিকা সংশোধনী কবে শেষ হবে, সে বিষয়ে কমিশন এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি।