“প্রাণ যাক, তবু রিল ডিলিট নয়!” সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত আসক্তি, পুলিশের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ যুবতীর

উত্তরপ্রদেশের বারাবাঁকিতে এক যুবতীর রিল ভিডিওকে কেন্দ্র করে তুমুল বিতর্ক তৈরি হয়েছে। রুহি নামে ওই যুবতী কোতওয়ালি থানার সামনে একটি জনপ্রিয় ভোজপুরি গান দিয়ে একটি রিল ভিডিও তৈরি করে ইনস্টাগ্রামে পোস্ট করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। কিন্তু পুলিশ তাকে ভিডিওটি মুছে ফেলতে বললে তিনি সাফ জানিয়ে দেন, তিনি কিছুতেই তা ডিলিট করবেন না, প্রয়োজনে আত্মহত্যা করবেন।

কী ঘটেছিল?
রুহির রিল ভিডিওটি লাখ লাখ ভিউ পাওয়ার পর পুলিশের নজরে আসে। একজন সাব-ইন্সপেক্টর এবং একজন মহিলা কনস্টেবল ভিডিওটি সরানোর জন্য তার বাড়িতে যান। কিন্তু রুহি তা মানতে অস্বীকার করেন এবং পুলিশের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদে জড়িয়ে পড়েন। বাড়ির ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি বলেন, “আমি মরে গেলেও এই ভিডিও সরাব না, আমি আবারও বলছি এটা করবনা আমি।” এমনকি তিনি বলেন, “আপনারা যদি জোর করেন, তাহলে আমি আত্মহত্যা করব।”

রুহির দাবি এবং পুলিশের প্রতিক্রিয়া
রুহি বলেন, তিনি জানতেন না যে তিনি কোতওয়ালি থানার সামনে ভিডিওটি তৈরি করেছেন। পুলিশের কাছ থেকে এমন চাপ আসার বিষয়টিও তার ধারণার বাইরে ছিল। তিনি দৃঢ়ভাবে জানান যে, কেউ জোর করে ভিডিওটি ডিলিট করাতে চাইলে তিনি আত্মহত্যার পথ বেছে নেবেন। শেষ পর্যন্ত পুলিশ কোনো ব্যবস্থা না নিয়েই ঘটনাস্থল থেকে ফিরে যায়। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় রয়েই গেছে।

এই ঘটনায় রুহি নেটিজেনদের একাংশের কাছে নতুন ‘ইনফ্লুয়েন্সার আইকন’ হিসেবে পরিচিতি পেয়েছেন। সোশ্যাল মিডিয়ার এই যুগে ‘ভিউ’ এবং ‘ভাইরালিটি’ যে মানুষের কাছে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, এই ঘটনাই তার জ্বলন্ত প্রমাণ।