‘ভূখণ্ডের প্রতি লোভ না করে মানুষের প্রতি মনোনিবেশ করুন’, পাকিস্তানকে কড়া বার্তা ভারতের

রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের বৈঠকে ভারত আবারও পাকিস্তানের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শানিয়েছে। ভারতীয় কূটনীতিক ক্ষিতিজ ত্যাগী পাকিস্তানকে কেবল বিশ্বব্যাপী সন্ত্রাস ছড়ানোর জন্যই নয়, বরং নিজেদের দেশের নাগরিকদের উপরও অত্যাচার করার জন্য তুলোধোনা করেছেন।
মঙ্গলবার বৈঠকে ক্ষিতিজ ত্যাগী বলেন, “আমাদের ভূখণ্ডের প্রতি লোভ করার পরিবর্তে, তাদের অবৈধ দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড খালি করুক। সাধারণ মানুষের জীবনধারণের উপযোগী অর্থনীতি তৈরি করুক। সামরিক আধিপত্যের দ্বারা বিধ্বস্ত রাজনীতি এবং নিপীড়নের দ্বারা কলঙ্কিত মানবাধিকার রেকর্ডকে ফিরিয়ে নিয়ে গিয়ে মানুষের উপরে মনোনিবেশ করুক।”
ভারতের এই আক্রমণ এমন সময়ে এল যখন সম্প্রতি পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে তাদের নিজেদের যুদ্ধবিমান থেকে বোমা হামলা হয়েছে। ভারতীয় প্রতিনিধি এই ঘটনারও উল্লেখ করেন। গত সোমবার পাকিস্তানের JF-17 যুদ্ধবিমান খাইবার পাখতুনখোয়ার মাত্রে দারা গ্রামে ৮টি LS-6 বোমা ফেলেছিল, যার ফলে প্রায় ৩০ জন সাধারণ পাকিস্তানি নাগরিকের প্রাণহানি ঘটে।
২০০০ সালের শুরু থেকেই পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং পূর্বতন ফেডারেল শাসিত উপজাতীয় অঞ্চলে (FATA) অস্থিরতা রয়েছে। ২০০১ সালে মার্কিন হামলা থেকে বাঁচতে আল-কায়েদা এবং তালেবান যোদ্ধারা ডুরান্ড লাইনের ওপারে আশ্রয় নিয়েছিল, যা এই অস্থিরতার মূল কারণ।