‘জেন জি’-দের বিক্ষোভে অগ্নিদ্বগ্ধ প্রাক্তন প্রধানমন্ত্রীর স্ত্রী! উন্নত চিকিৎসার জন্য ভারতে আসার পরামর্শ

চলতি মাসের শুরুতে ‘জেন জি’ (Gen Z) অর্থাৎ নব্য তরুণদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে নেপাল। এই বিদ্রোহের আগুনে নেপালের সংসদ, প্রধানমন্ত্রীর বাসভবন ও সুপ্রিম কোর্টসহ দেশের গুরুত্বপূর্ণ ভবনগুলো ভস্মীভূত হয়েছে। এই ভয়াবহ পরিস্থিতিতে গুরুতর আহত হয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের স্ত্রী রবি লক্ষ্মী চিত্রকর, যিনি এখন উন্নত চিকিৎসার জন্য ভারতে আসতে চলেছেন।

কেন বিক্ষোভে উত্তাল নেপাল?
নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী ঝালনাথ খানালের কাঠমাণ্ডুর ডালু এলাকার বাসভবনে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। সেই সময় বাড়িতেই ছিলেন তাঁর স্ত্রী রবি লক্ষ্মী। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, আগুনে তার শরীরের অন্তত ১৫% পুড়ে গেছে। তার ডান হাতের আঘাত গুরুতর এবং ফুসফুসও ক্ষতিগ্রস্ত হয়েছে। রবি লক্ষ্মী বর্তমানে নেপালের কীর্তিপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও তার অবস্থার অবনতি হওয়ায় নেপালি চিকিৎসকরা তাকে ভারতে নিয়ে গিয়ে চিকিৎসার পরামর্শ দিয়েছেন।

পরিবার সূত্রে জানা গেছে, তাকে খুব শীঘ্রই কীর্তিপুর থেকে দিল্লি নিয়ে যাওয়া হবে। এই বিক্ষোভে সাধারণ নাগরিক এবং পুলিশসহ মোট ৭২ জনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় নেপালের প্রধানমন্ত্রী অলি ইতিমধ্যেই দেশ ছেড়ে পালিয়েছেন।

নেপালে পালাবদল
‘জেন জি’দের এই বিক্ষোভের মাত্র এক সপ্তাহের মধ্যেই নেপালে রাজনৈতিক পালাবদল ঘটেছে। বর্তমানে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন সেদেশের সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি সুশীলা কার্কি। তিনি আগামী ৫ মার্চ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ঘোষণা করেছেন।

এখন দেখার বিষয়, এই রাজনৈতিক অস্থিরতার মধ্যে নেপালের ভবিষ্যৎ কোন পথে এগোয় এবং ভারত এক্ষেত্রে কী ভূমিকা পালন করে।