বউবাজার মামলায় হাইকোর্টে বড় জয় রাজ্যের! মহম্মদ খালিদকে নিয়ে কলকাতা পুলিশের যুক্তি মানল আদালত

বউবাজার বোমা বিস্ফোরণ মামলায় কলকাতা হাইকোর্টে বড় জয় পেল রাজ্য। ৩২ বছর ধরে জেলে থাকা মূল অভিযুক্ত মহম্মদ খালিদের মুক্তির নির্দেশ খারিজ করে দিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। এই রায়ের ফলে মহম্মদ খালিদকে ফের জেলেই থাকতে হবে।
কলকাতা পুলিশের যুক্তি মানল আদালত
১৯৯৩ সালের বউবাজার বোমা বিস্ফোরণ মামলার অন্যতম দোষী সাব্যস্ত মহম্মদ খালিদ। দীর্ঘদিন ধরেই তাঁর মুক্তির দাবি উঠেছিল। সিঙ্গেল বেঞ্চ একবার তাঁর মুক্তির নির্দেশ দিলেও, কলকাতা পুলিশের পক্ষ থেকে এর বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে আবেদন করা হয়েছিল। পুলিশের যুক্তি ছিল, ৩২ বছর পর এই আসামির মুক্তি সমাজের জন্য বিপজ্জনক হতে পারে। কলকাতা পুলিশের এই যুক্তিকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছে হাইকোর্ট।
কেন মুক্তি বাতিল?
২০২৩ সালে ‘সেন্টেন্স রিভিউ বোর্ড’ মহম্মদ খালিদের মুক্তির আবেদন বাতিল করে দিয়েছিল। ডিভিশন বেঞ্চ মনে করে, সেই সিদ্ধান্ত ছিল সম্পূর্ণ যুক্তিযুক্ত। তাই, সিঙ্গেল বেঞ্চের দেওয়া মুক্তির নির্দেশকে বাতিল করে দেওয়া হয়েছে। হাইকোর্টের এই রায়ে কলকাতা পুলিশের অবস্থান আরও দৃঢ় হল। এই মামলা প্রমাণ করে দিল যে, অপরাধের ভয়াবহতা বিবেচনা করে আদালত কঠিন সিদ্ধান্ত নিতেও পিছপা হয় না।