ভুল শুধরে ঘরে ফেরা, ভোটের আগে তৃণমূলের শক্তি বৃদ্ধি, অন্য দল ছেড়ে দলে ফিরলেন ৪০ জন নেতা!

২০২৬ সালের বিধানসভা ভোটের আগে ডুয়ার্সে নিজেদের শক্তি বৃদ্ধি করল তৃণমূল কংগ্রেস। জলপাইগুড়ি জেলার মাটিয়ালি ব্লকে সিপিআইএম এবং বিজেপি ছেড়ে ১১টি পরিবারের প্রায় ৪০ জন তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন।

রবিবার রাতে মাটিয়ালি ব্লকের বিধাননগর গ্রাম পঞ্চায়েতের মুন্সীধূরা এলাকায় এই যোগদান পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে বিজেপি ও সিপিআইএম ছেড়ে আসা সদস্যদের হাতে দলীয় পতাকা তুলে দেন সোমিতা কালান্দি, জেলা পরিষদের সদস্য রেজাউল বাকী, এবং মাটিয়ালি পঞ্চায়েত সমিতির সভাপতি হাসান হাবিবুল হোসেনসহ তৃণমূলের অন্যান্য নেতারা।

যোগদানকারীরা জানিয়েছেন, তারা আগে তৃণমূল কংগ্রেসেই ছিলেন, কিন্তু কিছু মনোমালিন্যের কারণে অন্য দলে চলে যান। এখন নিজেদের ভুল বুঝতে পেরে তারা আবার তৃণমূলে ফিরে এসেছেন।

মাটিয়ালি ব্লক তৃণমূল কংগ্রেসের নেত্রী সোমিতা কালান্দি বলেন, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে প্রতিটি বুথকে শক্তিশালী করা হবে। এই ৪০ জনের যোগদান সেই প্রক্রিয়ারই অংশ। তিনি আরও দাবি করেন, আগামী দিনে আরও অনেকে তৃণমূল কংগ্রেসে যোগ দেবেন।