ফের মর্মান্তিক দুর্ঘটনা! মধ্যমগ্রামে সরকারি বাসের ধাক্কায় স্কুটি আরোহীর মৃত্যু, দোষ কার?

সপ্তাহের শুরুতেই মধ্যমগ্রামের যশোর রোডে একটি ভয়াবহ দুর্ঘটনায় এক স্কুটি আরোহীর মৃত্যু হয়েছে। স্থানীয়দের অভিযোগ, একটি বেপরোয়া সরকারি বাসের ধাক্কায় এই ঘটনাটি ঘটেছে। মৃতের নাম নিমারুন দাস (৫৩), যিনি হৃদয়পুরের বাসিন্দা বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিমারুন দাস হেলমেট পরে স্কুটি চালাচ্ছিলেন। হঠাৎই বিবেকানন্দ কলেজ স্টপেজের কাছে তার স্কুটিটি স্কিট করে পড়ে যায়। ঠিক সেই সময় পিছন দিক থেকে আসা দ্রুতগামী একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক অনুমান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা বাসটিকে ঘিরে ধরে। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বাসচালকসহ বাসটিকে আটক করে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, যশোর রোডের এই অংশে প্রায়শই দুর্ঘটনা ঘটে। পুলিশের নজরদারি থাকলেও তা যথেষ্ট নয়। তাদের দাবি, প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেওয়া উচিত।