কলকাতাকে টেক্কা দিতে তৈরি কল্যাণী! ১৮০ ফুট উঁচু বৌদ্ধ মন্দির, দেবীর অঙ্গ সাজবে ৮০ কেজির সোনায়!

কলকাতাকে টেক্কা দিয়ে এবারও দুর্গাপুজোয় চমক দেখাতে প্রস্তুত নদীয়ার কল্যাণী। আইটিআই মোড়ের লুমিনাস ক্লাব তৈরি করছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা বৌদ্ধ মন্দিরের আদলে এক বিশাল মণ্ডপ। ১৮০ ফুট উচ্চতার এই মণ্ডপ তৈরি হয়েছে ২২ হাজারেরও বেশি বাঁশের খুঁটি ব্যবহার করে।

মায়ানমারের বৌদ্ধ মন্দিরের আদলে গড়ে ওঠা এই মণ্ডপের উচ্চতা এখন থেকেই দর্শনার্থীদের নজর কাড়ছে। মণ্ডপের বাইরের অংশ তৈরি হয়েছে ধবধবে সাদা ফাইবার ও প্লাই দিয়ে, যা আধুনিক প্রযুক্তির ছোঁয়া এনেছে। অন্যদিকে, মণ্ডপের ভিতরের সৌন্দর্য ফুটিয়ে তুলতে ব্যবহার করা হয়েছে পাটকাঠি, কদবেল, পাহাড়ি ফল-ফুল সহ বিভিন্ন ধরনের হস্তশিল্পের সামগ্রী।

প্রতিমার অঙ্গ সাজছে ৮০ কেজি সোনার গয়নায়
শুধুমাত্র মণ্ডপই নয়, প্রতিমার সাজসজ্জাতেও এবার চমক রয়েছে। প্রতিমার অঙ্গ সাজাতে ব্যবহার করা হচ্ছে প্রায় ৮০ কিলোগ্রাম সোনা ও রূপোর গয়না। উদ্যোক্তারা জানিয়েছেন, দর্শনার্থীদের ভিড় সামলানোর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা এবং সিসিটিভি ক্যামেরার নজরদারির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি, বিশেষ আলোর মাধ্যমে মণ্ডপের থিমকে আরও জীবন্ত করে তোলা হবে।

ক্লাবের সম্পাদক অমিত বিশ্বাস বলেন, “আমরা আশাবাদী যে কলকাতার মতোই দূরদূরান্ত থেকে মানুষ আমাদের এই মণ্ডপ দেখতে ভিড় জমাবেন।” শিল্পী উইলিয়াম সরকার জানান, বুদ্ধ পূর্ণিমার দিন মণ্ডপের খুঁটি পুজো হয় এবং তারপর থেকে ৭০-৮০ জন শ্রমিক প্রতিদিন এই মণ্ডপ তৈরির কাজ করছেন। কল্যাণী লুমিনাস ক্লাব ব্যবসায়ী সমিতির এই উদ্যোগ এবার তাদের ৩৩তম বছরের পুজোকে আরও বিশেষ করে তুলেছে। এই অভিনব থিম একদিকে যেমন শিল্পভাবনার নতুন দিগন্ত খুলেছে, তেমনই পুজোর আকর্ষণকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।