‘ভুয়ো পুলিশ’ সেজে ডাকাতি! মুর্শিদাবাদের বড়ঞায় পর্দাফাঁস আন্তঃরাজ্য চক্রের, গ্রেফতার ১০

পুলিশের ভুয়ো স্টিকার লাগানো গাড়ি ব্যবহার করে ডাকাতির অভিযোগে মুর্শিদাবাদের বড়ঞা থানা থেকে মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। আন্তঃরাজ্য গাড়ি পাচার চক্রের সঙ্গে জড়িত এই গ্যাংয়ের কাছ থেকে একটি ১৮ চাকার কনটেনার এবং দুটি গাড়ি উদ্ধার করা হয়েছে।

রবিবার কান্দি মহকুমা পুলিশ আরক্ষা আধিকারিক শাসরেক আম্বেরদর সাংবাদিক সম্মেলনে জানান, গত ২০ আগস্ট রামপুরহাট থেকে হুগলিগামী একটি পাথর বোঝাই কনটেনারকে অনুসরণ করে ‘পুলিশ’ লেখা একটি গাড়ি। বড়ঞা থানার কুন্ডল এলাকায় দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে কনটেনারটি ছিনিয়ে নেয় এবং গাড়ির চালক ও খালাসিকে বেঁধে রাখে।

চালকের অভিযোগের ভিত্তিতে বড়ঞা থানার পুলিশ তদন্ত শুরু করে। টেকনিক্যাল বিভাগ এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে প্রথমে তিনজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে আরও ছয়জনকে গ্রেফতার করা হয় এবং সবশেষে চক্রের মূল পান্ডা মাহিদুল আলম ওরফে কাজলকে ধরা হয়।

পুলিশ জানায়, অপরাধীরা কনটেনারটির নম্বর প্লেট ও রঙ পরিবর্তন করে দিয়েছিল। এই চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একটি আগ্নেয়াস্ত্র এবং তিনটি গাড়িও উদ্ধার করা হয়েছে। এই ঘটনাটি এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং পুলিশের এই সাফল্য সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে।