ফের ভাইরাল ভিডিও! তেজস্বীর মিছিলে প্রধানমন্ত্রীর মাকে অপমান, বিজেপি-আরজেডি তরজা তুঙ্গে

বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে আবারও উত্তাল হয়ে উঠেছে রাজনীতি। এবার অভিযোগ উঠেছে, আরজেডি (RJD) নেতা তেজস্বী যাদবের ‘বিহার অধিকার যাত্রা’ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র প্রয়াত মা হীরাবেন মোদী-কে অশ্লীল ভাষায় অপমান করা হয়েছে। এই ঘটনা ঘিরে স্বাভাবিকভাবেই সরব হয়েছে বিজেপি।
কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং এই ঘটনার জন্য সরাসরি তেজস্বীকে দায়ী করেছেন। তিনি বলেন, “এমনটা ঘটে যাওয়া আমার কাছে অদ্ভুত লাগেনি, কারণ রাহুল গান্ধী এবং তেজস্বী যাদবের মধ্যে কোনও পার্থক্য নেই… প্রধানমন্ত্রীর মাকে অশোভন ভাষায় অপমান করে তারা বিহারের গৌরবের অপমান করেছে।”
বিজেপির অভিযোগ, ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া তেজস্বীর যাত্রায় আরজেডি কর্মীরা মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মাকে নিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করেছেন। বিজেপির পক্ষ থেকে এই ঘটনার একটি ভাইরাল ভিডিওর কথা উল্লেখ করা হয়েছে।
বিহারের অর্থমন্ত্রী সম্রাট চৌধুরী বলেছেন, “তেজস্বী যাদবের যাত্রায় আবারও প্রধানমন্ত্রীর মৃত মাকে অপমান করা হয়েছে। আরজেডি কর্মীরা যতটা গালাগালি দিতে পারছে দিয়েছে এবং তেজস্বী তাদের উৎসাহিত করছেন। এটি বিহারের সংস্কৃতির অপমান এবং রাজনীতির নিচুতম স্তর। বিহারের মহিলারা তেজস্বীকে জবাব দেবেন।” বিজেপির বিধানসভা নেতা বিজয় কুমার সিনহা-ও এই ঘটনার নিন্দা করে বলেছেন, “এটি গণতন্ত্রের অপমান। মা-বোনদের অপমান করা কি তাদের সংস্কৃতি হয়ে গেছে? বিহারের জনগণ এই নোংরা রাজনীতির জবাব দেবে।”
উল্লেখ্য, গত মাসেও এই ধরনের একটি ঘটনা ঘটেছিল যখন রাহুল গান্ধীর ‘ভোটার অধিকার যাত্রা’র মঞ্চ থেকে একই ধরনের মন্তব্য করা হয়েছিল। সেই ঘটনায় একজন আরজেডি কর্মীকে গ্রেফতার করা হয়। ওই ঘটনার পর প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে, তাঁর মা রাজনীতির সঙ্গে জড়িত না থাকলেও তাঁকে অপমান করে সমস্ত মাকে অপমান করা হয়েছে।