আমেরিকার ঘাঁটিতে রকেট হানার আগে চাঞ্চল্যকর সাহায্য! বেইজিংয়ের বিরুদ্ধে কোন ভয়ংকর অভিযোগ তুলল ওয়াশিংটন?

মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের ভয়াবহ ব্যালিস্টিক মিসাইল হামলার প্রায় তিন মাস পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে এল। আমেরিকার দাবি, জর্ডনের একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার আগে ইরানকে হাই-রেজলিউশন স্যাটেলাইট ছবি সরবরাহ করেছিল চিনা সংস্থাগুলি। ওই ভয়াবহ হামলায় প্রাণ হারিয়েছিলেন তিন মার্কিন সেনা এবং আহত হয়েছিলেন আরও অনেকে। এই তথ্য প্রকাশ্যে আসতেই আমেরিকা ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের পারদ ফের চড়তে শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের একটি প্রথম সারির সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১৭ জুলাই জর্ডনের মুয়াফাক সালতি এয়ার বেসে ইরানের ব্যালিস্টিক মিসাইল হামলায় তিন মার্কিন সেনার মৃত্যু হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে একাধিকবার অভিযোগ করেছিলেন যে, পশ্চিম এশিয়ায় চলা সংঘাতের সময় চিনা সংস্থাগুলি গোপন তথ্য দিয়ে তেহরানকে সাহায্য করছে। এবার মার্কিন প্রশাসনের হাতে আসা নতুন গোয়েন্দা তথ্য সেই অভিযোগকেই জোরালো ভিত্তি দিচ্ছে।

চিনের অস্বীকার ও কূটনৈতিক টানাপোড়েন

যদিও ইরানের ওই হামলার নেপথ্যে চিনকে সরাসরি দায়ী করেনি ওয়াশিংটন, তবে মার্কিন আধিকারিকরা এই স্যাটেলাইট ছবি ও সহায়তার প্রমাণ চিনের সামনে তুলে ধরেছেন। অন্যদিকে, বেজিং এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে সাফ জানিয়ে দিয়েছে যে, এই হামলার সঙ্গে কোনও চিনা সংস্থা বা প্রশাসন যুক্ত নয়।

বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন বৈঠকের ঠিক আগে এই বিস্ফোরক তথ্য প্রকাশ্যে আসায় কূটনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য তৈরি হয়েছে। ট্রাম্প প্রশাসন আপাতত দুই দেশের সম্পর্ক স্থিতিশীল রাখতে এই প্রভাব কিছুটা হালকা করে দেখানোর চেষ্টা করলেও, মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে বলেই মনে করা হচ্ছে।