মহালয়ার পুণ্যতিথিতে মর্মান্তিক দুর্ঘটনা! উলুবেড়িয়ায় গঙ্গায় তলিয়ে গেল কিশোরী, চলছে তল্লাশি

মহালয়ার পুণ্যতিথিতে তর্পণ করতে এসে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হলো এক কিশোরী। পরিবারের সঙ্গে পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ করতে উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাটে গিয়েছিল সে। গঙ্গায় স্নান করতে নামলে চারজন স্রোতের টানে ভেসে যায়। স্থানীয় সূত্রে খবর, তিনজনকে উদ্ধার করা গেলেও এখনও নিখোঁজ রয়েছে ওই কিশোরী।

ঘটনার পর থেকেই নিখোঁজ কিশোরীর সন্ধানে গঙ্গায় ডুবুরি নামিয়ে তল্লাশি চালাচ্ছে বিপর্যয় মোকাবিলা বাহিনী।

খড়গপুর থেকে এসেছিল পরিবার
জানা গিয়েছে, খড়গপুর থেকে কিশোরী তার মা-বাবার সঙ্গে উলুবেড়িয়ার কালীবাড়ি ঘাটে এসেছিল তর্পণ করতে। সকালে গঙ্গায় স্নান করতে নামার পরই এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। হঠাৎ নদীর তীব্র স্রোতের কারণে চারজন ভেসে যেতে শুরু করে। এরপরই স্থানীয়দের তৎপরতায় তিনজনকে উদ্ধার করা সম্ভব হলেও কিশোরীর আর খোঁজ মেলেনি। এই ঘটনায় পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।