‘কল্কি’র সিক্যুয়েলে কেন নেই দীপিকা? নেপথ্যে কি টাকার অঙ্ক আর শিডিউল? তোলপাড় নেটদুনিয়া

প্রভাস-অমিতাভ বচ্চন অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েল থেকে বাদ পড়লেন অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। এই খবরটি নিশ্চিত করে ছবির প্রযোজনা সংস্থা ভাইজয়ন্তী মুভিজ তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি আনুষ্ঠানিক বিবৃতি প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়েছে, “প্রথম পর্বের দীর্ঘ সফর সত্ত্বেও আমাদের মধ্যে সঠিক বোঝাপড়া তৈরি হয়নি। ‘কল্কি’-র মতো ছবির জন্য পূর্ণ প্রতিশ্রুতি প্রয়োজন।”

এই ঘোষণার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় হতাশা ও জল্পনা ছড়িয়ে পড়েছে। কারণ, প্রথম পর্বে প্রভাসের পাশাপাশি দীপিকা অন্যতম মুখ্য চরিত্রে ছিলেন। এটি দীপিকার জন্য চলতি বছরের দ্বিতীয় বড় ধাক্কা। এর আগে তিনি সন্দীপ রেড্ডি ভঙ্গার ছবি ‘স্পিরিট’ থেকেও সরে এসেছেন। ‘স্পিরিট’-এ তাঁর জায়গায় এসেছেন অভিনেত্রী তৃপ্তি দিমরি।

বলিউড পাড়ায় জোর ফিসফাস, ‘কল্কি’ সিক্যুয়েল থেকে দীপিকার সরে আসার মূল কারণ নাকি বিশাল অঙ্কের পারিশ্রমিক ও কঠোর শর্ত। শোনা যাচ্ছে, দীপিকা প্রথম ছবির তুলনায় দ্বিগুণ পারিশ্রমিক দাবি করেছিলেন, যা প্রযোজকদের ‘চোখ কপালে’ তুলেছিল। শুধু তাই নয়, প্রতিদিন মাত্র পাঁচ ঘণ্টা কাজ করা এবং নিজের টিমের ২৫ জন সদস্যের জন্য পাঁচতারা হোটেলে রাজকীয় আপ্যায়নের মতো শর্তও তিনি দিয়েছিলেন। প্রযোজকরা একাধিকবার সমঝোতার চেষ্টা করলেও দীপিকা নাকি নিজের দাবিতে অনড় ছিলেন।

এই ঘটনার পর দীপিকার বিরুদ্ধে পুরোনো অভিযোগগুলো আবার সামনে চলে এসেছে। ২০১২ সালে ‘রেস ২’ ছবির প্রযোজক রমেশ তৌরানি দীপিকার ‘অপেশাদার’ আচরণ নিয়ে প্রকাশ্যে অভিযোগ করেছিলেন। তৌরানি বলেছিলেন, চুক্তি করার পরেও দীপিকা হঠাৎ ছবির শুটিং ছেড়ে চলে গিয়েছিলেন। তিনি নির্ধারিত বৈঠকে আসেননি এবং ফোনও ধরতেন না। তখন শোনা গিয়েছিল, একটি হলিউড প্রজেক্টের জন্য তিনি ‘রেস ২’ ছেড়েছিলেন। বিষয়টি চলচ্চিত্র শিল্পী সমিতি পর্যন্ত গড়িয়েছিল, এবং শেষমেশ শর্তসাপেক্ষে তিনি ফিরে আসেন।

এখন প্রশ্ন উঠছে, কেবল টাকার অঙ্ক আর শিডিউল ম্যানেজমেন্টের জন্যই কি দীপিকা পর পর দুটি বড় প্রজেক্ট থেকে সরে গেলেন? নাকি এর পেছনে অন্য কোনো অজানা কারণ আছে? তবে ভক্তদের এখন একটাই প্রশ্ন—’কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েলে দীপিকার জায়গায় কে আসছেন?