সূর্যকুমার যাদবের কাছে বিশেষ আবদার! ক্রিকেট শিখতে ভারতের সাহায্য চাইল ওমান

আবুধাবিতে এশিয়া কাপের একটি ম্যাচে ভারতের কাছে হারলেও, ওমান ক্রিকেট দল তাদের লড়াকু পারফরম্যান্স দিয়ে ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। বিশেষ করে, ব্যাটসম্যান আমির কালিম ও হামিদ মির্জার অর্ধশতরান ছিল চোখে পড়ার মতো। ম্যাচ শেষে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব ওমান দলের ক্রিকেটারদের সঙ্গে দেখা করে তাঁদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দেন। সেই ম্যাচে ভারত ২১ রানে জয়লাভ করে।

ম্যাচের পর ওমান অধিনায়ক জিতেন্দ্রর সঙ্গে সূর্যকুমার যাদবের বেশ কিছুক্ষণ কথা হয়। পরে সাংবাদিক বৈঠকে এসে জিতেন্দ্র ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI)-এর কাছে একটি বিশেষ আর্জি জানান। ক্রিকেটে আরও উন্নতির জন্য ভারতের সাহায্য চায় ওমান।

ওমানের মতো দ্বিতীয় সারির ক্রিকেট দলগুলোর জন্য পর্যাপ্ত পরিকাঠামোর অভাব এবং নিয়মিত ম্যাচ খেলার সুযোগ না পাওয়া একটি বড় সমস্যা। এই প্রসঙ্গে জিতেন্দ্র বলেন, “যদি ভারত আমাদের পাশে দাঁড়ায় এবং তাদের মাঠগুলো আমাদের ‘ঘরের মাঠ’ হয়ে ওঠে, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। আমরা যদি ভারতে গিয়ে ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করতে পারি, তাহলে আমাদের দক্ষতা ও মানসিকতা আরও শক্তিশালী হবে।”

তিনি আরও বলেন, “আমাদের প্রচুর টি-টোয়েন্টি ম্যাচ খেলতে হবে। ভারতের ক্লাব দল এবং রঞ্জি দলগুলোর সঙ্গে যদি আমরা ম্যাচ খেলার সুযোগ পাই, তাহলে আমাদের জন্য খুবই উপকার হবে। আমরা অ্যাসোসিয়েট নেশন হওয়ায় টেস্ট খেলুড়ে দেশগুলোর সঙ্গে নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পাই না।”

ওমান অধিনায়কের এই আবেদন ক্রিকেট বিশ্বে বেশ আলোচিত হচ্ছে এবং অনেকেই মনে করছেন, বিসিসিআই যদি তাদের এই আবেদনে সাড়া দেয়, তাহলে ওমানের ক্রিকেট অনেক এগিয়ে যাবে।