খড়গপুর আইআইটিতে ফের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু! তিন মাসে তৃতীয় ঝুলন্ত দেহ উদ্ধার, কেন হচ্ছে এমনটা?

মাত্র দুই মাসের ব্যবধানে আবারও অস্বাভাবিক মৃত্যুতে শিরোনামে এল আইআইটি খড়গপুর। শনিবার দুপুর ২টো নাগাদ বিআর আম্বেদকর হল থেকে এক গবেষকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত পড়ুয়ার নাম হর্ষ কুমার পান্ডে (২৪), বাড়ি ঝাড়খণ্ডের রাঁচিতে।

পুলিশ সূত্রে খবর, হর্ষের বাবা মনোজ কুমার পান্ডে ছেলেকে ফোনে না পেয়ে আইআইটির নিরাপত্তাকর্মীদের সঙ্গে যোগাযোগ করেন। তাঁরা গিয়ে দেখেন হর্ষের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ। এরপরই পুলিশকে খবর দেওয়া হলে তারা দেহ উদ্ধার করে বিসি রায় হাসপাতালে পাঠায়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এক বছরে ৬ জনের অস্বাভাবিক মৃত্যু
এই নিয়ে চলতি বছরে আইআইটি খড়গপুরে মোট ৬ জন শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হল, যার মধ্যে পাঁচজনের ক্ষেত্রেই ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এর আগে গত ১৮ জুলাই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র ঋতম মণ্ডলের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল। এরপর ২১ জুলাই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর ছাত্র চন্দ্রদীপ পাওয়ারের মৃত্যু হয়।

চলতি বছরের ২৩ জুন দায়িত্ব নেওয়ার পর ডিরেক্টর সুমন চক্রবর্তী শিক্ষার্থীদের আত্মহত্যা রুখতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন। তিনি ‘সেতু অ্যাপ’, ‘মাদার ক্যাম্পাস’ সহ মানসিক স্বাস্থ্যের বিকাশের জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করেন। এমনকি বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবসে তিনি শিক্ষার্থীদের সঙ্গে মশাল মিছিলেও অংশ নিয়েছিলেন। কিন্তু এত উদ্যোগ সত্ত্বেও এই ধরনের ঘটনা ঠেকানো যাচ্ছে না। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে।