ব্যাটে রান নেই, তবুও প্রশংসার বন্যা! সূর্যকুমার যাদবের এই কীর্তিতে মুগ্ধ ক্রিকেট দুনিয়া

ওমানের বিরুদ্ধে এশিয়া কাপের ম্যাচে ব্যাট হাতে নামেননি। অথচ তার পরও প্রশংসার বন্যায় ভাসছেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ওমানের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচ জিতে সুপার ফোরে ওঠা টিম ইন্ডিয়ার অধিনায়ক খেলা শেষে যেভাবে ওমান দলের ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন, তাতে মুগ্ধ ক্রিকেট দুনিয়া। তার এই ভূমিকায় মুগ্ধ হয়ে ওমান দলের অধিনায়ক তো বিসিসিআই-এর কাছেই অনুরোধ করে বসলেন।
ওমানের বিরুদ্ধে ২১ রানে ম্যাচ জিতে নেয় ভারত। এরপর ম্যাচ শেষে ওমান দলের অধিনায়ক জতিন্দর সিং জানান, সূর্যকুমার যাদব তার দলের খেলোয়াড়দের সঙ্গে দেখা করে টি-টোয়েন্টি ক্রিকেট খেলার কৌশল নিয়ে কথা বলেছেন। জতিন্দর বলেন, “আমি সূর্যকুমারের কাছে কৃতজ্ঞ। ও নিজে এসে আমাদের দলের প্লেয়ারদের সঙ্গে কথা বলেছে, পরামর্শ দিয়েছে।”
জতিন্দর আরও বলেন, “সূর্য আমাদের বুঝিয়েছিল, কীভাবে টি-টোয়েন্টি খেলাটাকে বুঝতে হয় এবং কীভাবে খেলতে হয়। আমার দলের ছেলেরাও তাকে অনেক প্রশ্ন করেছে। যেন একটা প্রশ্নোত্তর পর্ব চলছিল। ওর কথা শুনে টি-টোয়েন্টি সম্পর্কে আমাদের ধারণা আরও স্পষ্ট হয়েছে। সূর্য আমাদের অনেক প্রশংসাও করেছে।”
সূর্যকুমার যাদবের এই আচরণে অনুপ্রাণিত হয়ে ওমানের অধিনায়ক বিসিসিআই-এর কাছে অনুরোধ করে বলেছেন, “যদি আমরা ভারতে আসার সুযোগ পাই, ওদের ঘরকে নিজেদের ঘরের মতো অনুভব করতে পারি, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করতে পারি, তাহলে আমাদের অনেক সুবিধা হবে। আমরা রনজি দল ও ক্লাবগুলোর সঙ্গে অনেক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে চাই।”
ওমানের বিরুদ্ধে এই ম্যাচে আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। আট মাস পর জাতীয় দলে ফিরেই পেসার অর্শদীপ সিং টি-টোয়েন্টি আন্তর্জাতিকে বিশ্বরেকর্ড গড়লেন। দ্রুততম পেসার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১০০ উইকেটের মালিক হয়েছেন তিনি। এই রেকর্ডের মাধ্যমে তিনি পাকিস্তানের হ্যারিস রউফকে পেছনে ফেললেন। ওমানের বিরুদ্ধে একটি উইকেট তুলে অর্শদীপ এই মাইলফলক স্পর্শ করেন।