নির্বাচন কমিশনের বিরুদ্ধে রাহুলের ‘হাইড্রোজেন বোমা’! ‘ভোট চুরি’র বিস্ফোরক অভিযোগ কংগ্রেস নেতার

দেশের নির্বাচন কমিশনের বিরুদ্ধে আবারও বিস্ফোরক অভিযোগ এনেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধি। তিনি দাবি করেছেন, নির্বাচন কমিশনের মদতে কিছু ব্যক্তি, সংস্থা ও কল সেন্টার পরিকল্পিতভাবে বিভিন্ন কেন্দ্রে কংগ্রেস, দলিত এবং আদিবাসী ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে।
রাহুল গান্ধি জানান, এটি ‘হাইড্রোজেন বোমার’ সমতুল্য এক ভয়ংকর তথ্য। তিনি কিছু ফোন নম্বর দাখিল করে অভিযোগ করেন যে, এই নম্বরগুলো থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করা হচ্ছে। তার প্রশ্ন, ওই নম্বরগুলোয় ওয়ান টাইম পাসওয়ার্ড বা ‘ওটিপি’ কীভাবে গেল? রাহুল আরও বলেন, নির্দিষ্ট কিছু আইপি অ্যাড্রেস ব্যবহার করে নাম বাদ দেওয়ার আবেদন করা হচ্ছে, যা সন্দেহজনক।
রাহুলের এই অভিযোগের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া দিয়েছে বিজেপি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী কটাক্ষ করে বলেন, “আবার একবার ‘অ্যাটেনশন চুরি’-র কাজ শুরু করেছেন রাহুল গান্ধি। উনি নিজের আগের ভুল থেকে শিক্ষা নেননি।”
অন্যদিকে, নির্বাচন কমিশন রাহুলের অভিযোগকে “ভুল এবং ভিত্তিহীন” বলে খারিজ করে দিয়েছে। কমিশন জানিয়েছে, অনলাইনে কোনো ভোটারের নাম বাদ দেওয়া যায় না। কারও নাম বাদ দেওয়ার আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য শোনা হয়।