পুজোর আগেই পদ্মার ইলিশে ভরে গেল বাজার, দাম শুনলে কপালে উঠবে চোখ!

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে পদ্মার ইলিশ এসে পৌঁছল এপার বাংলায়। বুধবার গভীর রাতে বাংলাদেশ সীমান্ত পেরিয়ে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়ার পাইকারি মাছের বাজারে। বৃহস্পতিবার সকাল থেকে মাছের বাজারে পদ্মার রুপোলি শস্যের গন্ধে ভরে ওঠে। এই আগমনে ভোজনরসিক বাঙালির মুখে হাসি ফুটলেও, ইলিশের দাম শুনে অনেকেরই চোখ কপালে উঠতে পারে।
১,২০০ মেট্রিক টন রফতানির অনুমতি, কিন্তু…
বাংলাদেশ সরকার সম্প্রতি পুজোর উপহার হিসেবে ১,২০০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। এর প্রথম চালানেই প্রায় ৫০ মেট্রিক টন ইলিশ বনগাঁ সীমান্ত হয়ে হাওড়া ফিশ মার্কেটে পৌঁছেছে। মাছ ব্যবসায়ীরা খুশি হলেও, কলকাতা ফিশ ইমপোর্টারস অ্যাসোসিয়েশনের সম্পাদক সৈয়দ আনোয়ার মকসুদ জানান, বাংলাদেশের অভ্যন্তরে মাছের যোগান কম থাকায় ১,২০০ মেট্রিক টন ইলিশ আসা কার্যত অসম্ভব। তিনি আরও বলেন, হাতে মাত্র ১৫-১৭ দিন সময় আছে, তাই সম্পূর্ণ কোটা পূরণ হবে না।
বর্তমানে বাজারে আসা ইলিশগুলির ওজন মূলত ৮০০ গ্রাম থেকে ১ কিলো। নিলামে প্রতি কেজির দাম উঠেছে ১,৫০০ থেকে ১,৭০০ টাকা। খুচরো বাজারে এই দাম বেড়ে ১,৭০০ থেকে ১,৮০০ টাকায় পৌঁছতে পারে। সৈয়দ আনোয়ার মকসুদ বলেন, “দাম অনেকটাই বেশি। নির্দিষ্ট শ্রেণির মানুষই তা খেতে পারবেন।” সম্প্রতি গুজরাট থেকে যখন ইলিশ এসেছিল, তখন দাম অনেক কম ছিল।
তবে মাছ ব্যবসায়ীরা জানিয়েছেন, এটি এখনও চূড়ান্ত দাম নয়। বাজারে বিক্রি শুরু হলে আসল দাম বোঝা যাবে। কিন্তু পুজোর আগে পদ্মার ইলিশের এই আগমন নিঃসন্দেহে বাঙালির উৎসবের মেজাজকে আরও বাড়িয়ে দিয়েছে।